২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

হাসপাতালে মারধরে এএসপি নিহতে প্রধানমন্ত্রীর কাছে বিচার দাবি

প্রধানমন্ত্রী ও পুলিশের আইজিপির কাছে ঢাকার এক মানসিক হাসপাতালের কর্মীদের মারধরে এএসপি আনিসুল করিম শিপনের নিহতের ঘটনার বিচার চেয়েছেন স্বজনরা।

গাজীপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Nov 2020, 03:32 PM

Updated : 10 Oct 2022, 07:33 PM

মঙ্গলবার সকাল সোয়া ৯টার দিকে গাজীপুর সিটি করপোরেশন গোরস্থানে দাফনের সময় তারা এ দাবি জানান।

সর্বশেষ বরিশাল মহানগর পুলিশের সিনিয়র সহকারী পুলিশ সুপার (ট্রাফিক) পদে কর্মরত ৩১তম বিসিএসের এ পুলিশ কর্মকর্তাকে ঢাকায় মানসিক চিকিৎসার জন্য আনা হয়েছিল।

গত সোমবার রাজধানীর আদাবরের ‘মাইন্ড এইড নামের এক মানসিক চিকিৎসা হাসপাতালে নেওয়ার পরপর সেখানকার এক ঘরে নিয়ে কর্মীদের মারধরে নিহত হন তিনি। এ মারধরের সিসি ক্যামেরার ভিডিও সামাজিক গণমাধ্যমে ছড়িয়ে পড়েছে।

নিহতের বড় ভাই রেজাউল করিম বলেন, “আমরা আইজিপি এবং মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আমার ভাইয়ের এভাবে মৃত্যুর জন্য সুষ্ঠু তদন্ত করে বিচার চাই।

“দেখতে চকচকে হলেও পরে জানতে পারলাম এ হাসপাতালের লাইসেন্সই নাই।

“এত বড় বড় ডাক্তার এবং তাদের নিয়মিত ডিউটি রোস্টার আছে। তারপরও এখানে একজন সিনিয়র এএসপি’র চিকিৎসা যদি এমন হয় তবে সেখানে সাধারণ মানুষ কী চিকিৎসা পায় তা নিয়ে সন্দেহ রয়েছে।”

সেদিনে ঘটনার বিবরণ দিতে গিয়ে রেজাউল বলেন, তার ভাই ‘চাপা স্বভাবের ছিলেন’। অনেক কথা তার বন্ধুদের কাছেও অনেক কথা শেয়ার করতেন না।

গত শুক্রবার থেকে চাকরিসহ বিভিন্ন বিষয় নিয়ে মানসিক চাপে থাকায় কিছুটা অবসাদগ্রস্ত ছিলেন এএসপি আনিসুল।

এসব কারণে তার বাবা ও শ্বশুর তার কর্মস্থলে গিয়ে ১০ দিনের ছুটিতে আনিসুলকে নিয়ে ঢাকায় চিকিৎসার জন্য নিয়ে আসেন।

চিকিৎসার জন্য হাসপাতালের খোঁজ নেমে আদাবরে মাইন্ড এইড হাসপাতালের সাইনবোর্ডে দেখতে পান তারা। সেখানে ‘ভালো ভালো বিশেষজ্ঞ চিকিৎসক দিনে দুইবার’ রোগীদের ফলো আপ করে জানতে পারেন তারা। মাইন্ড এইড-এ দিন প্রতি রোগীদের বেডসহ অন্যান্য ফি বাবদ চার হাজার টাকা করে নিয়ে থাকে।

তিনি বলেন, এসব জানার পর ভাইয়ের সুচিকিৎসার জন্য সেখানে যাই। শিপনের পাইলস’র সমস্যাও ছিল। সেখানে যাওয়ার পর তার ওয়াশরুমে যাওয়ার প্রয়োজন হয়। হাসপাতালের আহমদ রিপন নামের এক ব্যক্তি তাকে ওয়াশরুমে নেওয়ার কথা বলে দোতলায় নিয়ে যান।

বেশ কিছুক্ষণ পর রিপন তাদের উপরে যাওয়ার জন্য ডাকেন।

“আমি, আমার ভগ্নিপতিসহ স্বজনরা উপরে গিয়ে দেখতে পাই আমার ভাই উপুড় হয়ে মেঝেতে পড়ে আছে।”

নিহত আনিসুল অবসাদগ্রস্ত থাকায় ওয়াশরুমে নেওয়ার পথে হয়ত হাসপাতালের কারো সঙ্গে খারাপ আচরণ করে থাকতে পারে স্বীকার করে তিনি বলেন, এজন্য হাসপাতালের লোকজন তাকে বেঁধে মারধর করে। মাথায় কুনই দিয়ে আঘাত করার দৃশ্য সেখানে থাকা সিসি টিভির ফুটেজে দেখা গেছে বলে জানতে পেরেছি।

সেখান থেকে অচেতন অবস্থায় হৃদরোগ হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক জানান তাদের হাসপাতালে আনার আগেই মারা গেছেন তার ভাই।

“তার শরীরের বিভিন্ন স্থানে দাগ রয়েছে। সুরতহাল ও ময়নাতদন্ত করার পর তা পরিষ্কার বেরিয়ে আসবে।”

গাজীপুরের কাপাসিয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান আমানত হোসেন খান জানান, নিহতের গ্রামের বাড়ি কাপাসিয়ায় উপজেলায় হলেও ছোটবেলা থেকেই গাজীপুর জেলা শহরের বরুদা এলাকায় থেকেছেন।

তাকে কবর দেওয়া আগে গাজীপুর শহরের ভাওয়াল রাজবাড়ি মাঠে সকালে নিহতের জানাজা অনুষ্ঠিত হয়।