রাজশাহীতে ট্রাকের ধাক্কায় পুলিশ কনস্টেবল নিহত
রাজশাহী নগরীতে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী এক পুলিশ কনস্টেবল নিহত হয়েছেন।
সোমবার সকাল সাড়ে ১০টার দিকে মতিহার থানার চৌদ্দপাই এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
নিহত কনস্টেবল মোয়াজ্জেম হোসেন (৫০) রাজশাহী মহানগর পুলিশের বেলপুকুর থানায় কর্মরত ছিলেন।
মহানগর পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার গোলাম রুহুল কুদ্দুস বলেন, সকালে মোটরসাইকেলে শহর থেকে বেলপুকুর থানায় যাচ্ছিলেন মোয়াজ্জেম। পথে চৌদ্দপাই এলাকায় একটি ট্রাকের ধাক্কায় তিনি রাস্তায় ছিটকে পড়ে গুরুতর আহত হন।
স্থানীয়রা উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন, জানান রুহুল কুদ্দুস।
এই ঘটনায় মতিহার থানায় একটি মামলা দায়ের করা হয়েছে বলে জানান তিনি।
