২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

ফেনীতে কিশোরী ধর্ষণ মামলায় দুই আ.লীগ নেতা গ্রেপ্তার

ফেনীর দাগনভূঞায় এক কিশোরীকে ধর্ষণের মামলায় আওয়ামী লীগের দুই নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ।

ফেনী প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Nov 2020, 11:26 AM

Updated : 18 Aug 2022, 04:03 PM

গ্রেপ্তাররা হলেন- উপজেলার মাতুভুঞা ইউনিয়নের মোমারিজপুর গ্রামের মো. ইস্রাফিলের ছেলে ও মাতুভূঞা ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক করিম মহাজন এবং ইয়াকুবপুর ইউনিয়নের শরীফপুর গ্রামের আবুল হাসেমের ছেলে ও ইয়াকুবপুর ইউনিয়নের শরীফপুর ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বেলাল হোসেন ।

দাগনভূঞা থানার ওসি মো. ইমতিয়াজ আহমেদ জানান, বৃহস্পতিবার সন্ধ্যায় করিম ও বেলাকে গ্রেপ্তার দেখিয়ে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। এদিন বিকালে ওই কিশোরীর মা বাদী হয়ে তাদের বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করেন।

মামলার এজাহারে বলা হয়, দীর্ঘদিন ধরে নানা প্রলোভন দেখিয়ে মেয়েটিকে ধর্ষণ করে আসছিলেন করিম ও বেলাল। এক পর্যায়ে  মেয়েটি গর্ভবতী হয়ে পড়লে করিম গর্ভপাত করান এবং পরে ঘটনাটি জানাজানি হলে স্থানীয়ভাবে টাকা দিয়ে তা মীমাংসা করার চেষ্টা করা হয়।

ওসি জানান. স্বাস্থ্য পরীক্ষার জন্য মেয়েটিকে ফেনী জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। পরে আদালতে তার জবানবন্দি গ্রহণ করা হবে।