২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

গোদাগাড়ী ও কাটাখালি পৌরসভায় বালুর ট্রাকে চাঁদাবাজি

রাজশাহীর গোদাগাড়ী ও কাটাখালি পৌরসভায় টোল আদায়ের নামে বালুর ট্রাক থেকে ব্যাপক চাঁদাবাজি করছে পৌর কর্তৃপক্ষ।

বদরুল হাসান লিটন

রাজশাহী প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Nov 2020, 07:23 PM

Updated : 18 Aug 2022, 04:02 PM

ইজারাদারদের বালুবাহী প্রতি ট্রাক থেকে ২০০ থেকে ২৫০ টাকা করে আদায় করা হয়। এই দুই পৌর এলাকায় তিনটি বালুমহাল রয়েছে যেখান থেকে প্রতিদিন কয়েকশ ট্রাক বালু পরিবহন করে।

জেলা প্রশাসন জানিয়েছে, এই বছর রাজশাহীতে সাতটি বালুমহাল ইজারা দিয়েছে জেলা প্রশাসন। এর মধ্যে গোদাগাড়ীতে দুইটি, পবার কাটাখালি পৌরসভায় একটি, চারঘাটে একটি ও বাঘায় তিনটি।

২০০৯ সালে প্রথম রাজশাহীর বালুমহাল চিহ্নিত করে জেলা প্রশাসন দরপত্রের মাধ্যমে ইজারা কার্যক্রম শুরু করে। ওই বছর রাজশাহী জেলা প্রশাসনের উন্নয়ন সভায় বালুবাহী ট্রাক থেকে টোল নির্ধারণ করা হয় সর্বোচ্চ ৬৫ টাকা যা এখনো বলবৎ রয়েছে।

কিন্তু জেলা প্রশাসনের টোল আদায়ের এই নির্দেশনা গোদাগাড়ী ও কাটাখালি পৌর কর্তৃপক্ষ মানছে না। তারা ট্রাক প্রতি ২০০ টাকা থেকে ২৫০ টাকা পর্যন্ত টোল নির্ধারণ করে দিয়েছে।

নাম প্রকাশ না করার শর্তে এক ট্রাক মালিক বলেন, তার চারটি ড্রাম ট্রাকসহ ১১টি ট্রাকে প্রতিদিন বালু পরিবহন করা হয়। প্রতিবার বালু আনতে গেলে ড্রাম ট্রাকে ২৫০ টাকা এবং সাধারণ ট্রাক থেকে ২০০ টাকা করে নেওয়া হচ্ছে।

কাটাখালি পৌরসভায় আব্দুল হান্নান ও গোদাগাড়ীতে আনারুল বিশ্বাস নামের দুই ব্যক্তি টোল আদায় করেন বলে তিনি জানান।

তিনি বলেন, অতিরিক্ত টোল আদায়ের প্রতিবাদ করলে ইজারাদাররা ট্রাকের চালক ও সহকারীদের মারধর করে। গত ৩১ অক্টোবর রাতে গোদাগাড়ীতে ট্রাক থেকে ২৫০ টাকা টোল নেয়ার প্রতিবাদ করার ইজারাদারের লোকজন ট্রাকের ড্রাইভার ও সহকারীকে মারপিট করেছে।

“এই নিয়ে গোদাগাড়ী থানায় অভিযোগ দিতে গেলেও পুলিশ অভিযোগ নেয়নি। ফলে বাধ্য হয়ে তাদের নির্ধারিত টোল দিতে হচ্ছে।”

এই বিষয়ে আব্দুল হান্নান বলেন, কাটাখালি পৌরসভার চর শ্যামপুর বালুঘাটে ট্রাকের টোল আদায়ের জন্য ৪৩ লাখ ১৯ হাজার ৬৬৫ টাকায় ইজারা দেয় পৌরসভা কর্তৃপক্ষ।

“আমার নামে ইজারা হলেও এর সঙ্গে জড়িত রয়েছে ২০ জন। ইজারার ২৫ ভাগ পৌরসভার মেয়র আব্বাস আলীর নিজের। বাকি ৭৫ ভাগ ১৯ জনের। পৌরসভা থেকে ট্রাক প্রতি ২০০ টাকা করে টোল আদায় করার জন্য নির্ধারণ করে দেওয়া হয়েছে।”

কাটাখালি পৌরসভার মেয়র আব্বাস আলী বর্ধিত হারে টোল আদায়ের কথা স্বীকার করে বলেন, পৌরসভার আয়ের কোনো উৎস নেই। এই টোল আদায়ের টাকা থেকে পৌরসভার কর্মচারীর বেতন দেওয়া হয় ও অন্যান্য খরচ চালানো হয়। তাই নির্দিষ্ট হারের চেয়ে বেশি টোলিআদায় করতে হয়।

তবে গোদাগাড়ী পৌরসভার মেয়র মনিরুল ইসলাম বাবু বলেন, আনারুল বিশ্বাস নামের একজন পৌর টোল আদায়ের ইজারা নিয়েছেন। বড় ট্রাক ২৫০ টাকা ও মাঝারি ট্রাকের ২০০ টাকা টোল নির্ধারণ করে দেওয়া হয়েছে। সে অনুযায়ী ইজারাদার টোল আদায় করছে।

এর বেশি আর কিছু বলতে রাজি হননি এই জনপ্রতিনিধি।

রাজশাহীর ভারপ্রাপ্ত জেলা প্রশাসক শাহানা আখতার জাহান বলেন, “বিষয়টি আমার জানা নেই। তবে খতিয়ে দেখা হবে।”

গোদাগাড়ী থানার ওসি খায়রুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, এমন কোনো অভিযোগ নিয়ে কেউ থানায় আসেনি। এলে অবশ্যই ব্যবস্থা নেওয়া হতো।