২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

যশোরে স্ত্রীকে পুড়িয়ে হত্যার অভিযোগে স্বামী আটক

যশোরের ঝিকরগাছা উপজেলায় স্ত্রীকে পুড়িয়ে হত্যার অভিযোগে স্বামীকে আটক করেছে পুলিশ।

যশোর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Nov 2020, 06:30 PM

Updated : 18 Aug 2022, 04:02 PM

ঝিকরগাছা থানার ওসি আব্দুর রাজ্জাক জানান, মঙ্গলবার রাত ১টার দিকে উপজেলার রাজাপুর ইউনিয়নের কাউনিয়া দাসপাড়ায় অগ্নিকাণ্ডের এ ঘটনা ঘটে।

নিহত পুতুল দাস ওই গ্রামের প্রদীপ দাসের স্ত্রী।

পুতুলের মা পুষ্প রানী দাস বলেন, রাতে প্রদীপ ও পুতুলের ঝগড়া হয়। একপর্যায়ে তাদের ঘরে আগুন জ্বলতে দেখা যায়। এ সময় প্রতিবেশীরা দরজা ভেঙে তাদের উদ্ধার করে। প্রথমে তাদের ঝিকরগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। খবর পেয়ে পুলিশ গিয়ে তাদের যশোর সদর হাসপাতালে পাঠায়। পরে ঢাকায় নেওয়ার পথে পুতুলের মৃত্যু হয়।

পুতুলের গায়ে প্রদীপ আগুন লাগিয়ে দিয়েছেন বলে মায়ের অভিযোগ।

এ ঘটনায় প্রদীপ অগ্নিদগ্ধ হয়েছেন। তাকে যশোর সদর হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

হাসপাতালের চিকিৎসক আহম্মেদ তারেক শামস চৌধুরী বলেন, “প্রদীপের দুটি হাত, চোয়াল ও মাথার চুল পুড়ে গেছে। তাকে সার্জারি ওয়ার্ডে চিকিৎসা দেওয়া হচ্ছে।”

প্রদীপের বিরুদ্ধে পুতুলের কাকা সঞ্জয়কুমারও অভিযোগ করেছেন। মৃত্যুর আগে পুতুল তাকে বিস্তারিত জানিয়েছেন বলে তার দাবি।

তিনি পুতুলের বরাতে বলেন, “রাতে স্বামী-স্ত্রীর ঝগড়ার একপর্যায়ে পুতুলকে প্রদীপ বলেন, ‘তুই আমাকে কত ভালোবাসিস তা গায়ে আগুন দিয়ে দেখা।’ পুতুল তখন গায়ে কেরোসিন ঢেলে আগুন ধরিয়ে দেয়। সেই আগুনে পুড়ে তার মৃত্যু হয়।”

তবে প্রদীপ অভিযোগ অস্বীকার করেছেন, “পারিবারিক বিষয় নিয়ে পুতুলের সঙ্গে ঝগড়া হয়। একপর্যায়ে পুতুল ঘরের বাইরে যেতে চাইলে আমি বাধা দেই। দরজা আটকে শুয়ে পড়ি। পুতুল ক্ষিপ্ত হয়ে পাশের ঘরে গিয়ে নিজের শরীরে কেরোসিন ঢেলে আগুন লাগিয়ে দেয়। আমি আগুন নেভানোর চেষ্টা করি। এতে আমার দুহাত পুড়ে যায়। পরে প্রতিবেশীরা আমাদের উদ্ধার করে হাসপাতাল পাঠায়।”

প্রদীপকে আটক দেখিয়ে পুলিশি পাহারায় চিকিৎসা দেওয়া হচ্ছে বলে জানিয়েছেন ওসি আব্দুর রাজ্জাক।

তিনি বলেন, “প্রদীপের বক্তব্য পেয়েছি। তার দাবি পুতুল নিজে গায়ে আগুন দিয়েছেন। পুতুলের পক্ষের বক্তব্য নেওয়ার চেষ্টাসহ পুলিশ ঘটনা তদন্ত করে দেখছে।”