২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

কুড়িগ্রাম আওয়ামী লীগের সাবেক সভাপতি মঞ্জু মন্ডল নেই

কুড়িগ্রাম জেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা আমিনুল ইসলাম মঞ্জু মন্ডল আর নেই।

কুড়িগ্রাম প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Nov 2020, 12:36 AM

Updated : 08 Apr 2022, 01:35 AM

মঙ্গলবার বিকাল সোয়া ৫টায় রংপুর ডক্টরস ক্লিনিকে চিকিৎসাধীন অবস্থায় ৭৫ বছর বয়সে তার মৃত্যু হয়। তিনি স্ত্রীসহ বহু স্বজন-গুণগ্রাহী রেখে যান।

মঞ্জু মণ্ডলের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে জানানো হয়েছে, এক শোকবার্তায় শেখ হাসিনা বলেন, মুক্তিযুদ্ধসহ দেশের রাজনীতিতে আমিনুল ইসলাম মঞ্জু মণ্ডলের অবদান স্মরণীয় হয়ে থাকবে।

মরদেহ কুড়িগ্রামে আনার পর দাফন ও নামাজের জানাজার সময় ও স্থান নির্ধারণ করা হবে বলে পরিবারের সদস্যরা জানিয়েছেন।

জেলা আওয়ামী লীগ নেতা এস এম আব্রাহাম লিংকন জানান, আমিনুল ইসলাম মঞ্জু মন্ডল স্বাধীনতার আগে এবং পরে ছাত্রলীগের কুড়িগ্রাম মহুকুমা শাখার সাধারণ সম্পাদক ছিলেন। এরপর আওয়ামী লীগের রাজনীতিতে যুক্ত হন।

২০১৩ সালে সরাসরি কাউন্সিলরদের ভোটে তিনি জেলা সভাপতি নির্বাচিত হন।

তার মৃত্যুতে গভীর শোক ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন জেলা আওয়ামী লীগের সভাপতি জাফর আলী, প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী কুড়িগ্রাম-৪ আসনের সাংসদ জাকির হোসেন, কুড়িগ্রাম-১ আসনের সাংসদ আসলাম হোসেন সওদাগর, কুড়িগ্রাম-৩ আসনের সাংসদ আব্দুল মতিন, কুড়িগ্রাম-২ আসনের সাংসদ পনির উদ্দিন আহম্মেদ, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আমান উদ্দিন মঞ্জু, জেলা প্রশাসক রেজাউল করিম, পুলিশ সুপার মোহাম্মদ মহিবুল ইসলাম খান, কুড়িগ্রাম প্রেসক্লাব সভাপতি আহসান হাবীব নীলু, পৌর মেয়র আব্দুল জলিলসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতা ও সামাজিক, সাংস্কৃতিক, শিক্ষা প্রতিষ্ঠান, পেশাজীবী সংগঠনের নেতৃবৃন্দ।