২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

নারায়ণগঞ্জে ‘মৃত মামুনের জীবিত’ ফেরা: ৩ কর্মকর্তাকে আদালতে তলব

নারায়ণগঞ্জে ‘মৃত মামুনের জীবিত ফেরার’ ঘটনায় পুলিশের তিন কর্মকর্তাকে আদালতে হাজির হয়ে ব্যাখ্যা দিতে বলা হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

নারায়ণগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Nov 2020, 12:23 AM

Updated : 18 Aug 2022, 04:01 PM

নারায়ণগঞ্জের মুখ্য বিচারিক হাকিম ফারহানা ফেরদৌসের আদালত রোববার দুপুরে এই আদেশ দেয় বলে জানিয়েছেন আদালত পুলিশের পরিদর্শক আসাদুজ্জামান।

গত ৩ অক্টোবর ছয় বছর আগের একটি অপহরণ ও গুমের মামলায় ‘মৃত’ দেখানো ব্যক্তি আদালতে হাজির হলে পুলিশের তদন্ত প্রক্রিয়া নিয়ে প্রশ্ন ওঠে। সে সময় এর লিখিত ব্যাখ্যা চায় আদালত।

এই তিন কর্মকর্তা হলেন- ফতুল্লা মডেল থানার এসআই মিজানুর রহমান ও এসআই জিয়া উদ্দিন উজ্জ্বল ও মামলার তদারকি কর্মকর্তা সিআইডির নারায়ণগঞ্জ অফিসের অতিরিক্ত পুলিশ সুপার হারুন অর রশিদ।

মামলার আসামি পক্ষের আইনজীবী এমদাদ হোসেন সোহেল বলেন, “অপহরণের পর হত্যার অভিযোগ তদন্ত করে পুলিশ মামুনকে মৃত দেখায়। কিন্তু মামুন আদালতে হাজির হন। এ ঘটনায় তিন পুলিশ কর্মকর্তা  আদালতে লিখিত ব্যাখা দিয়েছেন। রোববার শুনানি শেষে বিচারক তিন পুলিশ কর্মকর্তাকে আদালতে উপস্থিত হয়ে ব্যাখ্যা দিতে বলেছেন।”

আগামী ৫ নভেম্বর আদালত তাদের হাজির হতে বলেছে জানিয়ে তিনি বলেন, “আমরা আদালতে ছয়জনের অব্যাহতির জন্য আবেদন করেছি। যেহেতু মামুন উদ্ধার হয়েছেন, সেহেতু মামলাটি চলতে পারে না। তাই এই মামলা থেকে সব আসামির অব্যাহতি চেয়েছি। এজন্য আদালত তিন পুলিশ কর্মকর্তাকে উপস্থিত হয়ে ব্যাখ্যা দিতে বলেছে।”

মামলার এজাহারে চাঁদপুর জেলার মতলব থানাধীন শাখারীপাড়ার আবুল কালাম অভিযোগ করেন, নারায়ণগঞ্জ সদর উপজেলার ফতুল্লার লামাপাড়ার তাসলিমার সঙ্গে তার ছেলে মামুনের প্রেমের সম্পর্ক ছিল। এ সর্ম্পকের জের ধরে ২০১৪ সালের ১০ মে মোবাইল ফোনে তার ছেলে মামুনকে ডেকে নেওয়া হয়। এরপর থেকে তিনি নিখোঁজ থাকেন।

মামলার নথি থেকে জানা যায়, এই ঘটনার দুই বছর পর ২০১৬ সালের ৯ মে মামুনকে অপহরণ করে হত্যার উদ্দেশ্যে গুম করা হয়েছে অভিযোগ এনে ফতুল্লা থানায় মামলা করেন আবুল কালাম। ওই মামলায় গার্মেন্টসকর্মী তাসলিমা, তার বাবা রহমত উল্লাহ, ভাই রফিক, খালাত ভাই সাগর, সোহেল ও ছাত্তার মোল্লাকে আসামি করা হয়। পুলিশ ওই ঘটনায় ৬ জনকে গ্রেপ্তারের পর রিমান্ডে নেয়। রিমান্ড শেষে আদালতে এক আসামিকে হাজির করে ফৌজদারি কার্যবিধির ১৬৪ ধারায় জবানবন্দি রেকর্ড করার আবেদন করেন এসআই মিজানুর রহমান। কিন্তু আদালতে ১৬৪ ধারায় জবানবন্দি দেন মামলার সাক্ষী ও আবুল কালামের প্রাক্তন স্ত্রী মাকসুদা বেগম।

ওই জবানবন্দিতে আসামিরা মামুনকে শ্বাসরোধে হত্যা করে শীতলক্ষ্যা নদীতে ফেলে দেয় বলে বলা হয়, যা পুলিশের তদন্তেও উঠে এসেছিল বলে জানিয়েছিলেন ওই সময় মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই মিজানুর রহমান।

পুরনো খবর:

নারায়ণগঞ্জে ‘মৃতের’ ফেরার আরেক ঘটনা, পুলিশের ব্যাখ্যা চায় আদালত