গাজীপুরে তৈরি পোশাকের গুদামে অগ্নিকাণ্ড
গাজীপুর সিটি করপোরেশনের এক এলাকায় তৈরি পোশাক রাখার গুদামে অগ্নিকাণ্ড ঘটেছে।
বৃহস্পতিবার রাত ২টার দিকে শুরু হওয়া অগ্নিকাণ্ডে কোনাবাড়ী থানাধীন আমবাগ এলাকার ওই গুদামের পাঁচটি ছোট গুদাম ও বাসা বাড়ির দুটি কক্ষ পুড়ে গেছে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস।
কাশিমপুর মিনি ফায়ার স্টেশনের ওয়্যার হাউজ পরিদর্শক মিরাজুল ইসলাম জানান, গাজীপুর সিটি করপোরেশনের আমবাগ এলাকার আরিফ হোসেনের টিনশেডের বাড়ির পাঁচটি কক্ষ গুদাম হিসেবে ভাড়া নেন এক ব্যবসায়ী। গুদামগুলোতে গার্মেন্টসের স্টক লটের তৈরি পোশাক রাখা ছিল।
“রাত ২টার দিকে গুদামের একটি কক্ষে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। পরে তা মুহূর্তে নিয়ন্ত্রণের বাইরে চলে গিয়ে পাশের আরো চারটি গুদাম ও বসতঘরে ছড়িয়ে পড়ে।”
খবর পেয়ে কাশিমপুর মিনি ফায়ার স্টেশনের একটি ইউনিটের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে প্রায় তিন ঘণ্টার চেষ্টায় আগুন নেভান।
তিনি বলেন, আগুনে পাঁচটি গুদাম, বসত ঘরের দুইটি কক্ষ এবং সেখানে থাকা মালামাল পুড়ে গেছে। তবে
ক্ষয়ক্ষতির পরিমাণ ও অগ্নিকাণ্ডের কারণ তদন্তের পর বলা যাবে। আগুনে হতাহতের কোনো ঘটনা ঘটেনি।
