ময়মনসিংহে বাস চাপায় অটোরিকশার ২ যাত্রী নিহত
ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে বাস চাপায় একটি সিএনজি চালিত অটোরিকশার দুই যাত্রী নিহত হয়েছেন; আহত হয়েছেন আরও তিনজন।
শুক্রবার বেলা আড়াইটার দিকে ময়মনসিংহ-কিশোরগঞ্জ আঞ্চলিক সড়কের গালাহার বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতদের একজন হলেন গালাহার বাজার এলাকার বাসিন্দা সাব্বির আহমেদ (৩০)। আনুমানিক ২০ বছর বয়সী আরেকজনের পরিচয় জানা জানা যায়নি।
আহত তিনজন ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আছেন। তাদের মধ্যে একজন শিশু ও দুইজন পুরুষ রয়েছেন।
ঈশ্বরগঞ্জ থানার ওসি মোখলেছুর রহমান বলেন, দুপুরের দিকে নান্দাইল থেকে ছেড়ে আসা একটি সিএনজি চালিত অটোরিকশাকে গালাহার বাজারে পেছন থেকে ধাক্কা দেয় কিশোরগঞ্জ ছেড়ে আসা একটি বাস। এতে ঘটনাস্থলে অটোরিকশার যাত্রী সাব্বির নিহত হন।
ওসি বলেন, আহত চারজনকে উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে অজ্ঞাত পরিচয় আরেক যুবক মারা যান।
বাসটি শনাক্ত করার চেষ্টা চলেছে বলেও জানিয়েছেন মোখলেসুর রহমান।
