২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

গাজীপুরে জোড়া খুনের রহস্য উন্মোচন, ভাগ্নি জামাই গ্রেপ্তার

গাজীপুরে একটি জোড়া খুনের এক বছর পর পুলিশ একজনকে গ্রেপ্তার করেছে, পরে যিনি আদালতে জবানবন্দি দিয়েছেন।

গাজীপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Oct 2020, 09:17 PM

Updated : 08 Apr 2022, 01:25 AM

বুধবার রাতে মো. পলাশ নামের এই ব্যক্তিকে গ্রেপ্তার করেন পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনের (পিবিআই) গাজীপুর ইউনিটের সদস্যরা।

বৃহস্পতিবার তিনি গাজীপুর জ্যেষ্ঠ বিচারিক হাকিম আদালতে ফৌজদারি কার্যবিধির ১৬৪ ধারায় জবানবন্দি দিয়েছেন।

গত বছরের ২৬ সেপ্টেম্বর ভোর রাতে গাজীপুর মহানগরের পূবাইল থানাধীন বসুগাঁও এলাকার আবুল কালাম ও তার স্ত্রী পুতুল খুন হন।

গ্রেপ্তার পলাশ নিহত আবুল কালামের আপন ভাগ্নি জামাই এবং গাজীপুর মহানগরীর পূবাইল থানার সাপমারার ইদ্রিস আলীর ছেলে।

শুক্রবার পলাশ এই জোড়া খুনের ঘটনায় আদালতের কাছে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন বলে পিবিআই গাজীপুর ইউনিটের পরিদর্শক হাফিজুর রহমান জানিয়েছেন।

পলাশকে গ্রেপ্তারের পর জিজ্ঞাসাবাদের বরাত দিয়ে পরিদর্শক হাফিজুর রহমান বলেন, আবুল কালামরা এক ভাই ও দুই বোন। এক বোনের নাম সুফিয়া বেগম এবং অপরজন হেলেনা বেগম। সুফিয়া বেগম স্বামী মানিক মিয়াকে নিয়ে বাবার বাড়িতে বসবাস করতেন। আর হেলেনা টঙ্গীতে তার স্বামীর বাড়িতে থাকেন। ১০ বছর আগে সুফিয়া মারা যান।

হাফিজুর রহমান বলেন, প্রায় চার বছর আগে সুফিয়ার মেয়ে মুন্নির বিয়ে হয় একই গ্রামের পলাশের সঙ্গে এবং মনিকার বিয়ে হয় কুমিল্লায়। সুফিয়া মারা যাওয়ার কয়েক বছর পর তার স্বামী মানিক মিয়া দ্বিতীয় বিয়ে করেন এবং স্ত্রীর রেখে যাওয়া ঘরেই দ্বিতীয় স্ত্রীকে নিয়ে বসবাস করতে থাকেন।

হাফিজুর আরও বলেন, গত বছর আবুল কালাম ও তার বোন হেলেনা তাদের মৃত বোন সুফিয়ার রেখে যাওয়া ঘরটি জমিসহ (যে ঘরে সুফিয়ার স্বামী মানিক মিয়া দ্বিতীয় স্ত্রীকে নিয়ে থাকেন) বিক্রি করার জন্য বায়না করেন। এ নিয়ে আবুল কালামের সঙ্গে ভাগ্নি ও তার জামাই পলাশের বিরোধ সৃষ্টি হয়।

এর জের ধরে পলাশ এই খুনের পরিকল্পনা করেন বলে পিবিআইয়ের জিজ্ঞাসাবাদে পলাশ জানিয়েছেন, বলেন পরিদর্শক হাফিজুর।

“সেই পরিকল্পনা অনুযায়ী গত বছরের ২৬ সেপ্টেম্বর ভোর রাতে পলাশ তার সহযোগীদের নিয়ে আবুল কালাম ও তার স্ত্রী পুতুলকে ঘুম থেকে ডেকে তুলে কুপিয়ে হত্যা করেন।”

হাফিজুর বলেন, হত্যার বর্ণনায় পলাশ বলেন-ওই রাতে কালাম ও পুতুল ঘুম থেকে উঠে দরজা খোলার সঙ্গে সঙ্গে তাদের চোখে মরিচের গুড়া ছিটিয়ে দুই বছরের সন্তানের সামনে চাপাতি দিয়ে মাথা ও শরীরের বিভিন্ন জায়গায় কুপিয়ে হত্যা করেন তারা। পরে শিশু সাফউয়ানের (২) কান্না শুনে প্রতিবেশীরা ভোর ৫টার আবুল কালামের বসত ঘরে গিয়ে তাদের রক্তাক্ত মৃতদেহ দেখে পুলিশে খবর দেন।

এ ব্যাপারে নিহতের বোন হেলেনা বাদী হয়ে ওই বছরের ২৬ সেপ্টেম্বর অজ্ঞাত আসামিদের বিরুদ্ধে মামলা দায়ের করেন।

হাফিজুর বলেন, ঘটনার দুই মাস পর পুলিশ সদরদপ্তরের নির্দেশে পিবিআই মামলার তদন্তভার পায়। দীর্ঘ তদন্তের পর বুধবার রাত সাড়ে ৪টার দিকে সাপমারা এলাকা থেকে পলাশকে আটক করা হয়।

“তাকে পিবিআই জেলা কার্যালয়ে নিবিড়ভাবে জিজ্ঞাসাবাদ করলে খুনের ঘটনয়র জড়িত থাকার কথা স্বীকার করেন এবং তার সহযোগীদের নাম ঠিকানা জানান।”

আদালতে জবানবন্দি শেষে পলাশকে কারাগারে পাঠানো হয়েছে বলে হাফিজুর জানান।