২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

হবিগঞ্জে হাসপাতাল থেকে দুই ‘দালাল’কে ধরে কারাগারে প্রেরণ

হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে অভিযানে ‘হাতেনাতে ধরা পড়া দুই দালাল’কে সাজা দিয়ে কারাগারে পাঠানো হয়েছে।

হবিগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Oct 2020, 05:51 PM

Updated : 08 Apr 2022, 01:25 AM

বৃহস্পতিবার বিকালে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালের এ অভিযানে নেতৃত্বে দেন জেলার ডিসি কামরুল হাসান ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শাহ জহুরুল হোসেন।

সাজাপ্রাপ্তরা হলেন, সেলিম মিয়া ও বিলাল মিয়া। তবে তাদের বিস্তারিত পরিচয় জানানো হয়নি।

নির্বাহী ম্যাজিস্ট্রেট শাহ জহুরুল হোসেন জানান, বেশ কিছুদিন ধরে সদর হাসপাতালে দালালদের দৌরাত্ম বেড়ে গেছে। এরই ধারাবাহিকতায় সেখানে ডিসি কামরুল হাসানের উপস্থিতিতে অভিযান পরিচালনা করা হয়।

“এ সময় সদর হাসপাতালে তালিকাভুক্ত দালাল সেলিম ও বিলালকে আটক করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে তাদের দুজনকে 'টাউট আইন ১৮৭৯' আওতায় তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।”

তিনি জানান, দালালরা প্রতিনিয়ত গ্রামগঞ্জ থেকে আসা সাধারণ রোগীদের সাথে প্রতারণা করে টাকা হাতিয়ে নেয়। তাই তাদের ধরতে জেলা প্রশাসনের অভিযান অব্যাহত থাকবে।

হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে দালাল ধরতে অভিযান চালিয়েছেন হবিগঞ্জের জেলা প্রশাসক মো. কামরুল হাসান। এ সময় সেলিম মিয়া ও বিলাল মিয়া নামে দুই দালালকে হাতেনাতে আটক করা হয়। পরে তাদেরকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে কারাদণ্ড দিয়ে কারাগারে পাঠানো হয়েছে।