মসজিদে বিস্ফোরণ: প্রশাসন তদন্তে আরো সময় চায়
নারায়ণগঞ্জে মসজিদে বিস্ফোরণের ঘটনায় জেলা প্রশাসন গঠিত তদন্ত কমিটি প্রতিবেদন জমা দিতে আরো সাত কার্য দিবস সময় বাড়ানোর আবেদন করেছে।
বৃহস্পতিবার তদন্ত প্রতিবেদন দাখিলের শেষ দিনে তদন্ত কমিটি প্রধান অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট খাদিজা তাহেরী ববি সময় বাড়ানোর আবেদন করেন।
গত শুক্রবার রাতে নারায়ণগঞ্জ শহরের পশ্চিম তল্লা এলাকার বাইতুস সালাত জামে মসজিদে বিস্ফোরণ ঘটে। এতে অন্তত ৩১ জন অগ্নিদগ্ধ গয়ে মারা গেছেন।
এ তদন্ত কমিটি প্রধান খাদিজা তাহেরী ববি বলেন, সুষ্ঠু তদন্তের স্বার্থে ও নির্ভুল প্রতিবেদন দেওয়ার জন্য আরও সাত কার্য দিবস সময় বাড়ানোর জন্য আবেদন করা হয়েছে।
বিষয়টি নিশ্চিত করে ডিসি জসিম উদ্দিন বলেন, তদন্ত কমিটির প্রতিবেদন দাখিলের জন্য পাঁচ কার্য দিবসের শেষ দিন ছিল বৃহস্পতিবার। তদন্ত কমিটি প্রধান তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য আরও সাত কার্য দিবস সময় চেয়ে আবেদন করেছেন। তাদেরকে দ্রুত তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য বলা হয়েছে।
এর আগে বিস্ফোরণের ঘটনায় জেলা প্রশাসন খাদিজা তাহেরী ববিকে আহ্বায়ক করে পাঁচ সদস্যের তদন্ত কমিটি গঠন করে।
গত শুক্রবার রাত সাড়ে ৮টার দিকে বাইতুস সালাত জামে মসজিদে বিকট শব্দে বিস্ফোরণে অর্ধশতাধিক মুসল্লি দগ্ধ হয়। বৃহস্পতিবার ভোর পর্যন্ত এক শিশু. মসজিদ কমিটির সাধারণ সম্পাদক, ইমাম ও মুয়াজ্জিনসহ অন্তত ৩১ জনের মৃত্যু হয়।
বিস্ফোরণে মসজিদের ৬টি এসি পুড়ে গেছে। জানালার কাচ বিস্ফোরণে উড়ে গেছে।
ফায়ার সার্ভিস ও পুলিশের প্রাথমিক ধারণা বৈদ্যুতিক শর্ট সার্কিট ও গ্যাস পাইপলাইনের লিকেজ থেকে গ্যাস জমে এ বিস্ফোরণ ঘটেছে।
এ ঘটনায় ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স, জেলা প্রশাসন, তিতাস গ্যাস, ডিপিডিসি, সিটি করপোরেশন পৃথক পাঁচটি তদন্ত কমিটি গঠন করে।
