সিনহা হত্যা: ৩ সাক্ষী তৃতীয় দফায় তিন দিনের রিমান্ডে
অবসরপ্রাপ্ত মেজর সিনহা মোহাম্মদ রাশেদ খান হত্যার ঘটনায় পুলিশের মামলার তিন সাক্ষীকে তৃতীয় দফায় আরও তিন দিনের হেফাজতে পেয়েছে র্যাব।
মামলার তদন্ত কর্মকর্তা র্যাবের এএসপি খাইরুল ইসলাম জানান, মঙ্গলবার বেলা সোয়া ১২টায় জ্যেষ্ঠ বিচারিক হাকিম (কক্সবাজার-৪) তামান্না ফারাহ এ আদেশ দেন।
তিন আসামি হলেন- টেকনাফের বাহারছড়া ইউনিয়নের মারিশবুনিয়া এলাকার বাসিন্দা নুরুল আমিন, মো. নেজামুদ্দিন ও মোহাম্মদ আয়াজ।
গত ৩১ জুলাই রাতে টেকনাফের বাহারছড়া ইউনিয়নের শামলাপুর চেকপোস্টে ‘গাড়ী তল্লাশীকে’ কেন্দ্র করে পুলিশের গুলিতে নিহত হন সিনহা।
এ ঘটনায় দায়ের করা পুলিশের মামলায় ওই তিনজনকে সাক্ষী করা হয়। তাদের গ্রেপ্তার করে সিনহার বোনের মামলায় আসামি দেখান মামলার তদন্ত কর্মকর্তা।
তদন্ত কর্মকর্তা খাইরুল বলেন, দ্বিতীয় দফায় রিমান্ড শেষে তিনজনকে আদালতে হাজির করা হয় মঙ্গলবার। এ সময় তাদের আরও জিজ্ঞাসাবাদের জন্য চার দিনের হেফাজতে চেয়ে আবেদন করা হয়। বিচারক তিন দিন মঞ্জুর করেন।
এর আগে বেলা সাড়ে ১১টায় তিন আসামিকে স্বাস্থ্য পরীক্ষার জন্য কক্সবাজার সদর হাসপাতালে নেওয়া হয়।
গত ২০ অগাস্ট আদালত এসব আসামিকে দ্বিতীয় দফায় চার দিনের রিমান্ড মঞ্জুর করেছিল। তার আগে প্রথম দফায় গত ১৪ অগাস্ট তাদের সাত দিনের জন্য রবের হেফাজতে পাঠিয়েছিল আদালত।
