সিনহা হত্যা: প্রদীপের বিরুদ্ধে আরেকটি হত্যার অভিযোগ
কথিত বন্দুকযুদ্ধে একই পরিবারের তিনজন নিহতের ঘটনায় কক্সবাজারের টেকনাফ থানার সাবেক ওসি প্রদীপ কুমার দাশের বিরুদ্ধে আরেকটি অভিযোগ হয়েছে আদালতে।
সোমবার জ্যেষ্ঠ বিচারিক হাকিম (টেকনাফ-৩) মো. হেলাল উদ্দিনের আদালতে অভিযোগটি দায়ের করেন সুলতানা রাবিয়া মুন্নি নামের এক নারী, যার স্বামীসহ তিনজন কথিত বন্দুকযুদ্ধে নিহত হয়েছিলেন।
বাদীর আইনজীবী দিদারুল মোস্তফা জানান, মামলায় ওসি প্রদীপসহ ৪১ জনকে আসামি করা হয়েছে। আদালত আগামী ১৫ সেপ্টেম্বর মামলার পরবর্তী দিন নির্ধারণ করেছে।
এ নিয়ে তার বিরুদ্ধে অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা সিনহা হত্যাসহ ছয়টি হত্যার অভিযোগ হলো।
মামলার বাদী সুলতানা রাবিয়া মুন্নি (২২) কথিত বন্দুকযুদ্ধে নিহত টেকনাফের হ্নীলা ইউনিয়নের রঙ্গীখালী গাজী পাড়ার বাসিন্দা ছৈয়দ আলমের স্ত্রী।
ওই ঘটনায় অপর দুজন ছিলেন নিহত ছৈয়দ আলমের ভাই নুরুল আলম ও ভাগিনা সৈয়দ হোসেন ওরফে আব্দুল মোনাফ।
এদের মধ্যে নুরুল আলম বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সদস্য (আইডি নম্বর-৬১০০৫৭৫২৮) ছিলেন।
গত ৩১ জুলাই রাত সাড়ে ১০টার দিকে কক্সবাজার-টেকনাফ মেরিন ড্রাইভ সড়কের বাহারছড়া ইউনিয়নের শামলাপুর চেকপোস্টে পুলিশ পরিদর্শক লিয়াকত আলীর গুলিতে নিহত হন সিনহা।
এই ঘটনায় গত ৫ অগাস্ট সিনহার বোন শাহরিয়ার শারমিন বাদী হয়ে হত্যা মামলা দায়ের করেন। পরদিন টেকনাফ থানার সাবেক ওসিহ সাত পুলিশ সদস্য আদালতে আত্মসমর্পণ করেন।
অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা সিনহা মোহাম্মদ রাশেদ খান হত্যার পর টেকনাফ থানার সাবেক ওসি প্রদীপ কুমার দাশের বিরুদ্ধে একের পর এক হত্যাসহ নানা অভিযোগ আসতে থাকে।
বাদীর আইনজীবী দিদারুল মোস্তফা বলেন, বন্দুকযুদ্ধের নামে দুই সহোদর এবং তাদের ভাগিনাকে পরিকল্পিতভাবে হত্যার অভিযোগ আনা হয়েছে প্রদীপ কুমার দাশসহ ৪১ জনের বিরুদ্ধে। আদালত মামলাটি আমলে নিয়ে নিহত তিন জনের ময়নাতদন্ত হয়েছে কিনা, এ ঘটনায় টেকনাফ থানায় দায়ের মামলা তদন্তসহ বিস্তারিত প্রতিবেদন আকারে দাখিলের আদেশ দিয়েছেন।
মামলার বাদী সুলতানা রাবিয়া মুন্নি বলেন, গত ৬ মে রাত ২টার সময় হ্নীলা ইউনিয়নের রঙ্গীখালী গাজী পাড়ার বাড়ি থেকে ঘুম থেকে তুলে সৈয়দ আলম, নুরুল আলম ও সৈয়দ হোসেন ওরফে আব্দুল মোনাফকে টেকনাফ থানার তৎকালীন ওসি প্রদীপ কুমার দাশ এবং হোয়াইক্যং পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই মশিউর রহমানের নেতৃত্বে মামলার অন্য আসামিরা নিয়ে যান।
এ সময় তাদের স্বজনদের কাছে তারা ৫০ লাখ টাকা চাঁদা দাবি করেন বলেও মুন্নির অভিযোগ।
“স্বজনরা দাবিকৃত ৫০ লাখ টাকা চাঁদা দিতে অপরাগতা প্রকাশ করেন। পরে একই দিন (গত ৬ মে) রাত ৪টা ৪০ মিনিটে আটকদের বাড়ির পশ্চিম দিকে অবস্থিত পাহাড়ের নিচে ধান ক্ষেতের পাশে নিয়ে গিয়ে কথিত বন্দুকযুদ্ধের নাটক সাজিয়ে গুলি করে হত্যা করে।”
বাদী বলেন, তার স্বামীসহ তিনজনকে নিয়ে যাওয়ার পরপরই ওসি প্রদীপ ও এসআই মশিউরের নির্দেশে আসামিরা পরস্পর যোগসাজশ করে জোরপূর্বক প্রবেশ করে তাদের বাড়ির আসবাবপত্র ভাংচুর ও লুট করেন। এ সময় পরিবারের অন্য সদস্যদের বাড়ি ও এলাকাছাড়া করতে বাধ্য করেন তারা।
সুলতানা রাবিয়া মুন্নি আরও অভিযোগ করেন, আসামিরা চলে যাওয়ার সময় ঘটনার ব্যাপারে বাড়াবাড়ি করলে অথবা আইনের আশ্রয় নিলে প্রাণনাশেরও হুমকি দেন।
আসামির মধ্যে ৩৫ জন হলেন পুরিশ সদস্য। এরা হলেন টেকনাফ থানার সাবেক ওসি প্রদীপ কুমার দাশ, হোয়াইক্যং পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই মশিউর রহমান, এসআই রাসেল আহমেদ, এসআই নাজিম উদ্দিন, এসআই কামরুজ্জামান, এসআই জামশেদ আহমেদ, এসআই সুজিত চন্দ্র দে, এসআই অরুণ কুমার চাকমা, এসআই মো. নাজিম উদ্দিন ভূঁইয়া, এএসআই কাজী সাইফুদ্দিন, এএসআই ফখরুজ্জামান, এএসআই মো. আমান উল্লাহ, এএসআই মো. মাযহারুল ইসলাম, এএসআই মাঈন উদ্দিন, এএসআই নাঈমুল হক, এএসআই মিসকাত উদ্দিন, এএসআই রামধন চন্দ্র দাশ, এএসআই আমির হোসেন, এএসআই অহিদ উল্লাহ, এএসআই সঞ্জিব দত্ত, এএসআই মিঠুন কুমার ভৌমিক, কনস্টেবল সাগর দেব, কনস্টেবল আবু হানিফ, কনস্টেবল হেলাল উদ্দিন, কনস্টেবল আমজাদ হোসেন, কনস্টেবল মো. মামুন, কনস্টেবল নাজমুল হাসান, কনস্টেবল মো. জসিম উদ্দিন, কনস্টেবল মো. আমজাদ হোসেন, কনস্টেবল মো. কামরুল হাসান, কনস্টেবল মো. জাহাঙ্গীর, কনস্টেবল মো. হাবিব, কনস্টেবল মো. নুর নবী, কনস্টেবল আনোয়ার হোসেন ও কনস্টেবল সৈকত বড়ুয়া।
অপর আসামিরা হলেন টেকনাফের হ্নীলা ইউনিয়নের রঙ্গীখালী মাদ্রাসা পাড়ার গোরা মিয়ার ছেলে মো. গিয়াস উদ্দিন (৩৮), উলুচামারী গেনিয়া পাড়ার মৃত নুরুল আমিনের ছেলে আনোয়ার হোসেন ওরফে লেড়াইয়া ডাকাত (২৮), রঙ্গীখালী মাদ্রাসা পাড়ার এরশাদ উল্লাহর ছেলে লুৎফুর রহমান (৩৮), মৃত নুর মোহাম্মদের ছেলে সরোয়ার আলম (৩৮), মৃত আব্দুর রশিদের ছেলে নুরুন্নবী এবং রঙ্গীখালী মাদ্রাসা পাড়ার গোরা মিয়ার ছেলে বোরহান উদ্দিন ওরফে আশুমনি (২৩)।
