২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

সিনহা হত্যা: জিজ্ঞাসাবাদের জন্য ৩ সাক্ষী র‌্যাব হেফাজতে

অবসরপ্রাপ্ত মেজর সিনহা মোহাম্মদ রাশেদ খান হত্যায় পুলিশের দায়ের করা মামলার তিন সাক্ষীকে দ্বিতীয় দফায় চার দিনের হেফাজতে নিয়েছে র‌্যাব।

কক্সবাজার প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Aug 2020, 02:35 PM

Updated : 18 Aug 2022, 03:41 PM

গত ২৫ অগাস্ট আদালত তাদের রিমান্ড আবেদন মঞ্জুর করে।

কক্সবাজার জেলা কারাগারের তত্ত্বাবধায়ক মো. মোকাম্মেল হোসেন জানান, শনিবার বেলা সাড়ে ১১টায় মামলার তদন্ত কর্মকর্তা র‌্যাবের এএসপি খাইরুল ইসলামের নেতৃত্বে র‌্যাবের একটি দল কারাগার থেকে এই তিন আসামিকে নিয়ে যায়।

তারা হলেন- টেকনাফের বাহারছড়া ইউনিয়নের মারিশবুনিয়া এলাকার নুরুল আমিন, মো. নেজামুদ্দিন ও মোহাম্মদ আয়াজ।

গত ৩১ জুলাই রাতে টেকনাফের বাহারছড়া ইউনিয়নের শামলাপুর চেকপোস্টে ‘গাড়ী তল্লাশীকে’ কেন্দ্র করে পুলিশের গুলিতে নিহত হন অবসরপ্রাপ্ত মেজর সিনহা মোহাম্মদ রাশেদ খান।

এ ঘটনায় দায়ের করা পুলিশের মামলায় ওই তিনজনকে সাক্ষী করা হয়।

তাদেরকে গ্রেপ্তার করে সিনহার বোনের মামলায় আসামি দেখানো হয়।

তদন্ত কর্মকর্তা খাইরুল বলেন, আসামিদের কারাগার থেকে নিয়ে আসার পর বেলা পৌনে ১২টায় নিয়ম অনুযায়ী স্বাস্থ্য পরীক্ষার জন্য কক্সবাজার সদর হাসপাতালে নেওয়া হয়। পরীক্ষা শেষে জিজ্ঞাসাবাদের জন্য র‌্যাবের কক্সবাজার ব্যাটালিয়ান কার্যালয়ে নেওয়া হয়েছে।

এর আগে গত ১২ অগাস্ট প্রথম দফায় আদালত এই আসামিদের সাত দিনের রিমান্ড মঞ্জুর করেছিল। জিজ্ঞাসাবাদ শেষে ২০ অগাস্ট আদালত তাদের কারাগারে পাঠানোর আদেশ দেয়।

গত ২২ অগাস্ট তদন্ত কর্মকর্তা ফের সাত দিনের রিমান্ড চেয়ে আবেদন করলে আদালত চার দিন মঞ্জুর করে।

আরও খবর-

সিনহা হত্যা: পুলিশের মামলার ৩ সাক্ষী ফের রিমান্ডে  

টেকনাফের চেকপোস্টে পুলিশের গুলিতে সাবেক সেনা কর্মকর্তা নিহত

গুলিতে সাবেক সেনা কর্মকর্তার মৃত্যু: ২০ পুলিশ প্রত্যাহার

পুলিশের গুলিতে সাবেক সেনা কর্মকর্তার মৃত্যু: তদন্ত কমিটি পুনর্গঠন

সিনহার মাকে প্রধানমন্ত্রীর ফোন, বিচারের আশ্বাস

৯ পুলিশের বিরুদ্ধে সিনহার বোনের মামলা