বগুড়ায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে বাবা-ছেলের মৃত্যু
বগুড়ার নন্দীগ্রামে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক ব্যক্তি ও তার ছেলের মৃত্যু হয়েছে।
শুক্রবার সকাল ৯টার দিকে উপজেলার বুড়ইল ইউনিয়নের তুলাশন গ্রামে এ ঘটনা ঘটে বলে নন্দীগ্রাম থানার ওসি শওকত কবির জানান।
প্রতীকী ছবি
ওসি বলেন,“তুলাশন গ্রামে শাহিন আলম নামের এক ব্যক্তি তার পুকুরে মাছ চুরি ঠেকাতে পানিতে কাঁটাতারের সাহায্যে বিদ্যুৎতায়িত করে রাখেন। শুক্রবার সকালে একই গ্রামের দুই শিশু ওমর ফারুক (১০) ও সিনহা খাতুন (৮) ওই পুকুরে রাখা নৌকায় উঠতে গেলে ধাক্কা খেয়ে পাড়ে যায়।
“তাদের উদ্ধার করতে গিয়ে মোফাজ্জল পুকুরের পানিতে নেমে বিদ্যুৎস্পৃষ্ট হয়। এ সময় তার চিৎকারে শরিফুল বাবাকে উদ্ধার করতে পুকুরে নামলে তিনিও বিদ্যুৎস্পৃষ্ট হন। পরে গ্রামবাসী তাদের লাশ উদ্ধার করে।”
ঘটনার পর থেকে পুকুরের মালিক শাহিন পলাতক রয়েছেন।নিহতদের পরিবার অভিযোগ দিলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানান এ পুলিশ কর্মকর্তা।
