২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

সিনহা হত্যা: জিজ্ঞাসাবাদ শেষে চার পুলিশসহ ৭ আসামি কারাগারে

কক্সবাজারে অবসরপ্রাপ্ত মেজর সিনহা মোহাম্মদ রাশেদ খান হত্যায় চার পুলিশ সদস্যসহ সাত আসামিকে জিজ্ঞাসাবাদ শেষে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছে আদালত।

কক্সবাজার প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Aug 2020, 03:39 PM

Updated : 08 Apr 2022, 01:14 AM

কক্সবাজারের জ্যেষ্ঠ বিচারিক হাকিম (টেকনাফ-৩)তামান্না ফারাহ বৃহস্পতিবার বেলা ২টার দিকে এই আদেশ দেন।

সাত আসামির চারজন হলেন- বাহারছড়া পুলিশ তদন্তকেন্দ্রের সাবেক এএসআই লিটন মিয়া, কনস্টেবল সাফানুর করিম, কনস্টেবল কামাল হোসেন ও কনস্টেবল আব্দুল্লাহ আল-মামুন।

অন্য তিনজন হলেন বাহারছড়া ইউনিয়নের মারিশবুনিয়া এলাকার বাসিন্দা মো. নুরুল আমিন, মো. নেজামুদ্দিন ও মোহাম্মদ আয়াজ।

গত ১২ অগাস্ট আদালত তাদের সাত দিনের রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদের আদেশ দেয়।

তদন্ত কর্মকর্তা খাইরুল বলেন, আপাতত আসামিদের আর রিমান্ডে নেওয়া হচ্ছে না। প্রয়োজন হলে পরে আবার নেওয়া হবে।

তবে জিজ্ঞাসাবাদের কোনো তথ্য তিনি প্রকাশ করেননি।

জিজ্ঞাসাবাদ শেষে বুধবার রাতে কক্সবাজারে র‌্যাব ১৫-এর গণমাধ্যম শাখার পরিচালক লেফটেন্যান্ট কর্নেল অশিক বিল্লাহ সাংবাদিকদের বলেন, “এসব আসামিদের জিজ্ঞাসাবাদে ঘটনার ব্যাপারে চাঞ্চল্যকর তথ্য পাওয়া গেছে, যা মামলার তদন্তের জন্য খুবই গুরুত্বপূর্ণ ও অগ্রগতির দিক। বলা যায়, মামলার তদন্তের ক্ষেত্রে ইতিবাচকই।”

গত ৩১ জুলাই রাতে কক্সবাজারে পুলিশের গুলিতে সিনহা নিহত হন। এ ঘটনায় তার বোন নয় পুলিশ সদস্যের বিরুদ্ধে মামলা করেন।

মামলার আসামি টেকনাফ থানার সাবেক ওসি প্রদীপ কুমার দাশ, বাহারছড়া তদন্তকেন্দ্রের পরিদর্শক লিয়াকত আলিসহ সাত পুলিশ সদস্যকে সাময়িক বরখাস্ত করা হয়। অন্য দুই পুলিশ সদস্য পলাতক রয়েছেন।

কক্সবাজার আদালত পুলিশের পরিদর্শকের নামও প্রদীপ কুমার দাশ।

তিনি বলেন, সাত আসামিকে আদালতে হাজির করার পর শুনানি শেষে বেলা ২টার দিকে কক্সবাজারের জ্যেষ্ঠ বিচারিক হাকিম (টেকনাফ-৩)তামান্না ফারাহ আসামিদের কারাগারে পাঠানোর আদেশ দেন।

পুরনো খবর:

সিনহা হত্যা: জিজ্ঞাসাবাদের জন্য চার পুলিশসহ ৭ জন র‌্যাব হেফাজতে