২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

সিনহা হত্যা: প্রদীপ, লিয়াকতসহ তিন পুলিশ জিজ্ঞাসাবাদের জন্য র‌্যাব হেফাজতে

কক্সবাজারে অবসরপ্রাপ্ত মেজর সিনহা মোহাম্মদ রাশেদ খান হত্যার আসামি টেকনাফ থানার সাবেক ওসি প্রদীপ কুমার দাশসহ তিন পুলিশ সদস্যকে জিজ্ঞাসাবাদের জন্য হেফাজতে নিয়েছে র‌্যাব।

কক্সবাজার প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Aug 2020, 01:10 PM

Updated : 18 Aug 2022, 03:38 PM

প্রদীপ ছাড়া বাকি দুই পুলিশ সদস্য হলেন বাহারছড়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক লিয়াকত আলী এবং উপপরিদর্শক নন্দদুলাল রক্ষিত।

কক্সবাজার জেলা কারাগারের জেল সুপার মো. মোকাম্মেল হোসেন জানান, র‌্যাবের একটি দল মঙ্গলবার দুপুরে কারাগারে গিয়ে ওই তিন আসামিকে নিজেদের হেফাজতে নেয়।

কক্সবাজারের হাকিম আদালতে আত্মসমর্পণ করলে গত ৬ অগাস্ট বিচারক তাদের সাত দিন রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদের আবেদন মঞ্জুর করেছিলেন। 

গত ৩১ জুলাই রাতে কক্সবাজার-টেকনাফ মেরিন ড্রাইভ সড়কের শামলাপুর চেকপোস্টে পুলিশের গুলিতে নিহত হন সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত মেজর সিনহা মোহাম্মদ রাশেদ খান।

ওই ঘটনায় সিনহার বোন শারমিন শাহরিয়া ফেরদৌস গত ৫ অগাস্ট কক্সবাজারের হাকিম আদালতে হত্যা মামলা দায়ের করেন, সেখানে টেকনাফ থানার ওসি প্রদীপ কুমার দাশ ও বাহারছড়া তদন্ত কেন্দ্রের পরিদর্শক লিয়াকতসহ নয়জনকে আসামি করা হয়।

মামলা হওয়ার পর ওসি প্রদীপকে তার দায়িত্ব থেকে সরিয়ে দেয় স্বরাষ্ট্র মন্ত্রণালয়। আদালতে আত্মসমর্পণ করার পর তাকে চাকরি থেকেও সাময়িক বরখাস্ত করা হয়।

এদিকে সিনহার মৃত্যুর ঘটনায় পুলিশের ব্যাখ্যা নিয়ে প্রশ্ন ওঠায় চার সদস্যের উচ্চ পর্যায়ের একটি তদন্ত কমিটি গঠন করে স্বরাষ্ট্র মন্ত্রণালয়।

চট্টগ্রামের অতিরিক্ত বিভাগীয় কমিশনার (উন্নয়ন) মোহাম্মদ মিজানুর রহমানের নেতৃত্বে ওই তদন্ত দলের সদস্যরা সোমবার কক্সবাজার জেলা কারাগারে গিয়ে প্রদীপ, লিয়াকত এবং নন্দদুলালকে জিজ্ঞাসাবাদ করেন।

সিনহার বোনের দায়ের করা মামলার আসামিদের মধ্যে প্রদীপ, লিয়াকতসহ মোট সাতজন এ পর্যন্ত আদালতে আত্মসমর্পণ করেছেন।

এছাড়া ওই ঘটনায় পুলিশের দায়ের করার মামলার তিন সাক্ষী এবং ঘটনার দিন চেকপোস্টে দায়িত্বে দায়িত্বে থাকা তিন এপিবিএন সদস্যকে র‌্যাব গ্রেপ্তার করেছে।

তাদের সবাইকেই জিজ্ঞাসাবাদের জন্য রিমান্ডে পাঠিয়েছে আদালত। 

আরও পড়ুন:

সিনহা হত্যা: প্রদীপ-লিয়াকতসহ ৩ পুলিশ র‌্যাবের রিমান্ডে  

সিনহা হত্যা: জিজ্ঞাসাবাদের জন্য চার পুলিশসহ ৭ জন র‌্যাব হেফাজতে  

সিনহা হত্যা: এপিবিএনের ৩ সদস্য গ্রেপ্তার  

সিনহা হত্যা: প্রদীপ, লিয়াকত ও নন্দদুলালকে তদন্ত কমিটির জিজ্ঞাসাবাদ  

সিনহা হত্যা: লিয়াকত, নন্দদুলালকে ৭ ঘণ্টা জিজ্ঞাসাবাদ