গাজীপুরে ঈদের ছুটি নিয়ে তুলকালাম কারখানা শ্রমিকদের
ঈদের ছুটি বৃদ্ধি ও হাজিরা বোনাসসহ কয়েকটি দাবিতে গাজীপুরের কালিয়াকৈর উপজেলায় একটি জুতার কারখানার শ্রমিকরা বিক্ষোভ ও সড়ক অবরোধ করেছে।
রোববার হরিণহাটি এলাকায় এপেক্স ফুটওয়্যার লিমিটেডের শ্রমিকরা
ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করে। এ সময় মহাসড়কে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়।
নাম প্রকাশে অনিচ্ছুক কারখানার এক শ্রমিক বলেন, শ্রমিকরা সকালে কাজে গিয়ে জানতে পারেন ঈদ উপলক্ষ্যে তাদের চার দিনের ছুটি দেওয়া হয়েছে। খবরটি শ্রমিককের মধ্যে ছড়িয়ে পড়লে তারা উত্তেজিত হয়ে ওঠে। পরে তারা ঈদে ১০ দিনের ছুটি, চলতি মাসের বেতন, হাজিরা বোনাস ও শ্রমিকদের সঙ্গে খারাপ আচরণকারী কয়েকজন কর্মকর্তার অপসারণের দাবিতে কারখানার সামনে অবস্থান ধর্মঘট শুরু করেন। এক পর্যায়ে শ্রমিকরা কারখানায় ভাংচুর চালায়। পরে তারা পাশের ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ রেখে বিক্ষোভ করে।
শ্রমিকরা জানান, এ সময় ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়েছে। এতে ওই মহাসড়কে প্রায় ৭ ঘণ্টা যানজটে আটকে দুর্ভোগ পোহাতে হয়েছে যাত্রী, গরু ব্যবসায়ী ও পরিবহন শ্রমিকদের।
গাজীপুরের হরিণহাটিতে এপেক্স ফুটওয়্যার লিমিটেডের শ্রমিকরা সড়ক অবরোধ করলে যানজটের সৃষ্টি হয়
এপেক্স ফুটওয়্যার কারখানার মহাব্যবস্থাপক (প্রশাসন) মিজানুর রহমান বলেন, তাদের কারখানায় কখনোই বেতন বা কোনো কিছুর দাবিতে শ্রমিকদের আন্দোলন করতে হয় না। তবে এবার শ্রমিকরা ছুটি বৃদ্ধি ও চলতি মাসের বেতনের দাবিতে বিক্ষোভ করেছেন। তাদের দাবির বিষয়ে বিবেচনার আশ্বাস দিলে শ্রমিকরা তাদের আন্দোলন প্রত্যাহার করে নেয়।
গাজীপুর শিল্প পুলিশের পরিদর্শক রেজাউল করিম জানান, বিভিন্ন দাবি-দাওয়া নিয়ে শ্রমিকরা মহাসড়ক অবরোধ করে যানবাহন ভাংচুর করেছে। তবে যেকোনো অপ্রীতিকর ঘটনা এড়াতে কারখানা এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে।
গাজীপুরের পুলিশ সুপার শামসুন্নাহার জানান, মালিকপক্ষ শ্রমিকদের দাবি-দাওয়া মেনে নিলে শ্রমিকরা শান্ত হয়ে যার যার বাড়ি চলে গেছে।
