চাঁদপুরে প্রকৌশলীকে ‘মারধর’, উপজেলা চেয়ারম্যান বরখাস্ত
চাঁদপুরে এক প্রকৌশলীকে মারধরের অভিযোগ ওঠার পর কচুয়া উপজেলা পরিষদ চেয়ারম্যান শাজাহান শিশিরকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।
তার স্থলে প্যানেল চেয়ারম্যান সুলতানা খানমকে ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসেবে দায়িত্ব দেওয়া হয়।
বৃহস্পতিবার স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের উপসচিব মোহাম্মদ জহিরুল ইসলাম স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে একথা জানানো হয়।
চাঁদপুরের জেলা প্রশাসক কার্যালয়ের নেজারত ডেপুটি কালেক্টর (এনডিসি) মেহেদী হাসান বলেন, “চেয়ারম্যান বরখাস্ত সংক্রান্ত একটি প্রজ্ঞাপন আমরা পেয়েছি। তার স্থলে প্যানেল চেয়ারম্য্যান-১ কে ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে।”
গত রোববার কচুয়া উপজেলার শহীদ স্মৃতি সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের নির্মাণাধীন ভবনের কাজ পরিদর্শনে গিয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের উপ-সহকারী প্রকৌশলী নূর আলম মারধরের শিকার হয। উপজেলা চেয়ারম্যান শাজাহান শিশির লোকজন নিয়ে তাকে মারধর করেন বলে অভিযোগ করেন নূর আলম।
এই ঘটনায় উপ-সহকারী প্রকৌশলী নুর আলম বাদী হয়ে চেয়ারম্যান শাহজাহান শিশিরকে প্রধান আসামিসহ তিন জনের নাম উল্লেখ করে অজ্ঞাত আরও ১৮ জনের বিরুদ্ধে কচুয়া থানায় মামলা দায়ের করেন।
নুর আলম বলেন, “আমাকে মারধর করা হয়েছে। ঘটনাটি সংশ্লিষ্ট কর্মকর্তাদের অবহিত করা হয়েছে। আমি এই ঘটনায় চেয়ারম্যানসহ কয়েকজনের বিরুদ্ধে মামলা দায়ের করেছি।”
মন্ত্রণালয়ের প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়, উপজেলা পরিষদ আইন অনুসারে সরকার জনস্বার্থে কচুযা উপজেলা চেয়ারম্যান শাজাহান শিশিরকে তার স্বীয় পদ থেকে সাময়িক বরখাস্ত করার সিদ্ধান্ত গ্রহণ করেছে। কচুয়া উপজেলা পরিষদ প্যানেল চেয়ারম্যান-১ কে উপজেলা পরিষদের কার্যক্রম পরিচালনার জন্য পরিষদের আর্থিক ক্ষমতা প্রদান করা হলো।
