২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

হুমায়ূন স্মরণে নুহাশ পল্লীতে সীমিত আয়োজন

করোনাভাইরাস মহামারীতে গাজীপুরের নুহাশপল্লীতে এবার সীমিত পরিসরে হুমায়ুন আহমেদের অষ্টম মত্যুবার্ষিকী পালিত হয়েছে।

আবুল হোসেন

গাজীপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Jul 2020, 09:35 PM

Updated : 18 Aug 2022, 03:28 PM

রোববার সকালে প্রয়াত এই কথা সাহিত্যিকের স্ত্রী মেহের আফরোজ শাওন তাদের দুই সন্তান নিষাদ ও নিনিতকে নিয়ে নুহাশ পল্লীতে হুমায়ুনের কবরে ফুল দিয়ে জিয়ারত ও দোয়া করেন।  

আট বছর আগে এই দিনে (১৯ জুলাই) জনপ্রিয় এই কথা সাহিত্যিক মারা যান। প্রতিবছর এই দিনে নানা আয়োজন থাকলেও এবার করোনাভাইরাসের কারণে তা সম্ভব হয়নি।

স্বামীর কবরে শ্রদ্ধা জানানোর পর শাওন সাংবাদিকদের বলেন, “অন্য ভক্তদের মতো আমারও খুব ইচ্ছে ছিল হুমায়ুন আহমেদ যেখানে শুয়ে আছেন তার পাশেই একটি যাদুঘর করা। কিন্তু নুহাশ পল্লী একটি পারিবারিক সম্পদ। এখানে যাদুঘর স্থাপন করতে গেলে পরিবারের সকলের অনুমতির প্রয়োজন আছে।”

মেহের আফরোজ শাওন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, প্রতিবছর হুমায়ুনের মৃত্যুবার্ষিকীতে কোরআন তিলাওয়াত করার জন্য নুহাশ পল্লীর আশপাশের কয়েকটি এতিমখানার কয়েকশ শিক্ষার্থী অংশ নেয়। শত শত ভক্ত নুহাশ পল্লীর ভেতরে কবর জিয়ারত ও দোয়ায় অংশ নেন। তাদের হুমায়ূন আহমেদের পছন্দের খাবার রান্না করে খাওয়ানো হয়।

“এবার এমন একটা পরিস্থিতি যে সেরকম কোনো জনসমাগমই করা সম্ভব হয়নি। এবার মৃত্যুবার্ষিকীর খরচের জন্য যে বাজেট ছিল তা সমতলভূমির আদিবাসী ও যৌনকর্মীদের ২০০ পরিবারে বিতরণ করা হবে।”

শাওন জানান, এবার মৃত্যুবার্ষিকীর বাজেটটা তিন ভাগে ভাগ করা হয়েছে। প্রথম ভাগটা আদিবাসীদের জন্য। ঢাকার বিভিন্ন পার্লারে যেসব আদিবাসী মেয়ে কাজ করেন তাদের অনেকেই করোনাভাইরাস মহামারীতে চাকরি হারিয়েছেন; তাদের সাহায্য করা হবে। দ্বিতীয় অংশটি ময়মনসিংহ, টাঙ্গাইলের মধুপুর ও ভাওয়ালের সমতল অঞ্চলের আদিবাসী সম্প্রদায় এবং যৌনকর্মীদের দেওয়া হবে। আরেক ভাগ দেওয়া হবে প্রান্তিক দরিদ্র জনগোষ্ঠীর মধ্যে।

ইতোমধ্যে খোঁজ নিয়ে প্রায় ৫০টি পরিবারের মধ্যে বিকাশে আর্থিক সহায়তা পাঠানো হয়েছে বলে তিনি জানিয়েছেন।

কবর জিয়ারতের সময় শাওনের বাবা মোহাম্মদ আলীসহ ঢাকার প্রকাশক সমিতি ও হিমু পরিবহনের কয়েকজন সদস্য উপস্থিত ছিলেন।