যশোরে ছুরিকাঘাতে যুবক নিহত
যশোর শহরে ছুরিকাঘাতে এক যুবক নিহত হয়েছেন।
শুক্রবার সকাল সাড়ে ১০টার দিকে মালোপাড়ায় এ ঘটনা ঘটে বলে যশোর পুলিশের বিশেষ শাখার অতিরিক্ত পুলিশ সুপার তৌহিদুল ইসলাম জানান।
নিহত আলাউদ্দিন (২২) শহরের আরবপুরের শুকুর আলীর ছেলে।
স্থানীয়দের বরাত দিয়ে অতিরিক্ত পুলিশ সুপার তৌহিদুল ইসলাম জানান, সকালে আলাউদ্দিন পূর্ব বারান্দীপাড়া মালোপাড়ায় মদন কুমারের বাড়ির পাশে গেলে দুষ্কৃতকারীরা তার উপর হামলা চালায়। তারা তার বুকে উপর্যুপরি ছুরিকাঘাত করে পালিয়ে যায়।
স্থানীয়রা তাকে যশোর জেনারেল হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
অতিরিক্ত পুলিশ সুপার আরও জানান, কেন ও কারা এ হত্যাকাণ্ড ঘটাল তা নিয়ে অনুসন্ধান চলছে। এখনও কেউ আটক হয়নি।
