২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

সিরাজগঞ্জের সাবেক সাংসদ কামরুদ্দিনের মৃত্যু

সিরাজগঞ্জের শাহজাদপুর আসনে বিএনপির সাবেক সংসদ সদস্য কামরুদ্দিন এহিয়া খান মজলিশ (সরোয়ার) মারা গেছেন।

সিরাজগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Jun 2020, 01:54 PM

Updated : 08 Apr 2022, 01:00 AM

রোববার রাত ২টার দিকে রাজধানীর ধানমণ্ডি জেনারেল কিডনি হাসপাতালে তার মৃত্যু হয় বলে দলের জেলা সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চু জানান। 

৭১ বছর বয়সী এই বিএনপি নেতা স্ত্রী ও দুই ছেলে রেখে গেছেন।

বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য কামরুদ্দিন এহিয়া খান মজলিশ ১৯৯১ সালের পঞ্চম জাতীয় সংসদ নির্বাচনে তৎকালীন সিরাজগঞ্জ-৭ আসন থেকে বিজয়ী হন। ১৯৯৬ সালের ১৫ ফেব্রুয়ারির নির্বাচনেও তিনি  অংশ নেন। তিনি মিল্কভিটার চেয়ারম্যান, অগ্রণী ব্যাংকের পরিচালক ও চেয়ারম্যান ছিলেন।

তিনি শাহজাদপুর পৌর এলাকার দরগাপাড়া মহল্লার মওলানা ছাইফুদ্দিন এহিয়া খান মজলিশের মেজো ছেলে।

সোমবার বাদ দরগাপাড়া হযরত শাহ দৌলা জামে মসজিদে জানাযা শেষে স্থানীয় কবরস্থানে তাকে দাফন করা হবে।

প্রবীণ এই নেতার মৃত্যুতে শাহজাদপুরে ও রাজনৈতিক অঙ্গনে শোকের ছায়া নেমে এসেছে। অনেকেই প্রয়াত এই নেতার রুহের মাগফেরাত কামনা করে শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।

তার আসনের (সিরাজগঞ্জ-৬) এমপি আওয়ামী লীগ নেতা হাসিবুর রহমান স্বপন, সাবেক এমপি চয়ন ইসলাম, বিএনপির স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকু, রাজশাহী বিভাগীয় সাংগঠনিক সম্পাদক রুহুল কুদ্দুস তালুকদার দুলু, জেলা বিএনপির সভাপতি সাবেক এমপি রুমানা মাহমুদ, সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চু ও শাহজাদপুর উপজেলা বিএনপির আহবায়ক মোহাম্মদ এ মুহিত শোক জানিয়েছেন।