জামালপুরে দাফনের পর দিন এল করোনাভাইরাস শনাক্তের খবর
জামালপুরে প্রথাগতভাবে দাফনের পর দিন জানা গেছে ওই মৃত করোনাভাইরাস আক্রান্ত ছিলেন।
সোমবার মাদারগঞ্জের বালিজুড়ি গ্রামের ওই কৃষকের (৫৫) বাড়ি লকডাউন করেছে উপজেলা প্রশাসন।
মাদারগঞ্জের উপজেলা নির্বাহী কর্মকর্তা আমিনুল ইসলাম জানান, বালিজুড়ি গ্রামের ওই কৃষকের ‘উপসর্গ থাকায়’ গত শুক্রবার করোনাভাইরাস পরীক্ষার জন্য নমুনা দেন। স্থানীয় স্বাস্থ্য বিভাগ তার নমুনা পাঠায় ময়মনসিংহ মেডিকেল কলেজের ল্যাবে।
শনিবার রাতে তার বাড়িতে অবস্থানকালেই মারা যান তিনি। পরিবার ও প্রতিবেশীরা পরদিন তার দাফন করে। সোমবার সকালে ময়মনসিংহ থেকে রিপোর্ট আসে মৃতব্যক্তি করোনাভাইরাস আক্রান্ত ছিলেন বলেন তিনি।
“উপজেলা প্রশাসন ও পৌরসভার মেয়র সোমবার দুপুরে ওই বাড়ি লকডাউন করেছে। ওই বাড়ির পাঁচজনের নমুনাও সংগ্রহ করেছে স্বাস্থ্য বিভাগ।”
মাদারগঞ্জ পৌরসভার মেয়র মির্জা গোলাম কিবরিয়া কবির জানান, লকডাউন করা ওই বাড়ির লোকজনের খাদ্য সহায়তা দেওয়া হবে। যতদিন লকডাউন থাকবে ততদিন সব ধরনের সহযোগিতা দেবে পৌরসভা।
জামালপুরের সিভিল সার্জন ডা. প্রণয় কান্তি দাস বলেন, “গত ২৪ ঘণ্টায় জামালপুরে নতুন ২৪ জনের করোনা শনাক্ত হয়েছে। এ নিয়ে জেলায় করোনা শনাক্ত হয়েছে ৪৮০ জনের।”
এ পর্যন্ত জামালপুরে করোনাভাইরাসে সংক্রমিত হয়ে মৃত্যু হয়েছে দুই নারীসহ সাত জনের।
