আশুলিয়ায় অন্তঃসত্ত্বা নারীকে শ্বাসরোধে হত্যা
ঢাকার আশুলিয়ায় অন্তঃসত্ত্বা এক নারীকে শ্বাসরোধে হত্যা করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
নিহত হনুফা আক্তারের (২৬) বাড়ি পটুয়াখালী সদরের অফিসের টেক এলাকায়। শনিবার মধ্যরাতে আশুলিয়ার ঘোষবাগ এলাকায় বড়ভাই রুহুল আমিনের বাড়ি থেকে তার গলায় রশি প্যাঁচানো লাশ উদ্ধার করা হয়।
প্রতীকী ছবি
হত্যাকাণ্ডের পর থেকে আরমান হোসেন নামে ওই বাড়ির এক ভাড়াটিয়া যুবক পলাতক রয়েছে বলে জানিয়েছে পুলিশ।
আশুলিয়া থানার এসআই সুদীপ কুমার জানান, স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে ওই বাড়ি থেকে তারা হনুফার লাশ উদ্ধার করেন।
“বাসার দরজা খোলা ছিল। অন্তঃসত্ত্বা ওই নারীর মরদেহ বাড়ির একটি ফাঁকা ঘরের মেঝেতে পড়ে ছিল গলায় রশি প্যাঁচানো অবস্থায়। তার বাঁ চোখে কিছু আঘাতের চিহ্নও দেখা গেছে। প্রাথমিকভাবে মনে হচ্ছে, শ্বাসরোধ করার সময় হয়ত ধস্তধস্তি হয়েছিল।”
ময়নাতদন্তের জন্য হনুফার লাশ ঢাকার শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে জানিয়ে এসআই সুদীপ বলেন, “প্রতিবেদন পেলে জানা যাবে কীভাবে তাকে হত্যা করা হয়েছে এবং তিনি কত দিনের অন্তঃসত্ত্বা ছিলেন।
বড় বোন নুর নাহার আক্তার বলেন, “হনুফার গলার সোনার চেইন ও কানের দুল পাওয়া যায়নি। ঘরে থাকা বেশ কিছু টাকাও খোয়া গেছে। পরিকল্পিতভাবে ওকে হত্যা করা হয়েছে।”
এসআই সুদীপ বলেন, ওই বাড়ির ভাড়াটিয়া আরমান হোসেন ঘটনার পর থেকে লাপাত্তা। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। এ বিষয়ে আশুলিয়া থানায় একটি মামলা করার প্রক্রিয়া চলছে।
