২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

করোনাভাইরাস: কক্সবাজারে আইসিইউ ও এইচডিইউ ইউনিট চালু

করোনাভাইরাসের মহামারীর ঝুঁকির মধ্যে জাতিসংঘের আর্থিক সহায়তায় কক্সবাজার সদর হাসপাতালে আইসিইউ ও এইচডিইউ ইউনিট চালু করা হয়েছে।

কক্সবাজার প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Jun 2020, 07:52 PM

Updated : 10 Oct 2022, 07:14 PM

শনিবার দুপুরে কক্সবাজার সদর হাসপাতালের সভাকক্ষে এক অনুষ্ঠানের মাধ্যমে এ চিকিৎসাসেবার কার্যক্রম উদ্বোধন করা হয়েছে।

জাতিসংঘের শরণার্থী বিষয়ক সংস্থা-ইউএনএইচসিআর-এর আর্থিক সহায়তায় ১০ শয্যার আইসিইউ এবং ১০ শয্যার এইচডিইউ ইউনিট স্থাপন করা হয়েছে বলে জানিয়েছে সংশ্লিষ্টরা।

সদর হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. মোহাম্মদ মহিউদ্দিন বলেন, আধুনিক চিকিৎসাসেবার এ দুইটি ইউনিট স্থাপনের মধ্য দিয়ে দেশে জেলা পর্যায়ের প্রথম কোনো হাসপাতালে আইসিইউ ব্যবস্থা চালু হল।

উদ্বোধন অনুষ্ঠানে কক্সবাজার সদর আসনের সংসদ সদস্য সাইমুম সরওয়ার কমল বলেন, কক্সবাজারের মানুষকে এ সেবা নিতে আর ঢাকা-চট্টগ্রামসহ অন্য কোথাও যেতে হবে না। সেই সঙ্গে পর্যটক ও রোহিঙ্গাসহ দেশি-বিদেশি বিভিন্ন সংস্থার কর্মীরা এ সুযোগ-সুবিধা ভোগ করতে পারবে।

কোভিড-১৯ চিকিৎসার জন্য রামু উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ৫০ শয্যার, চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ৫০ শয্যার এবং উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্প সংলগ্ন স্থাপিত কোভিড-১৯ ডেডিকেটেড হাসপাতালে ১৪৪ শয্যার আইসোলেশন সেন্টার চালু রয়েছে। এসব জায়গায় সিলিন্ডারে অক্সিজেন সরবরাহ করা হয়। এসব আইসোলেশন সেন্টারে আইসিইউ বা ভেন্টিলেটরের ব্যবস্থা নেই।

সংশ্লিষ্টরা জানিয়েছেন, এপ্রিল মাসের শুরুতে শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনারের নেতৃত্বে ও জেলা প্রশাসনের সহায়তায় ইউএনএইচসিআরের আর্থিক অনুদানে ১০ শয্যার আইসিইউ ও ১০ শয্যার এইচডিইউ স্থাপনের উদ্যোগ নেয়া হয়। আর রোগীদের নিরবিচ্ছিন্ন অক্সিজেন সরবরাহে সেন্ট্রাল অক্সিজেন প্লান্টও করা হয়েছে। এতে ব্যয় হয়েছে ৩৫ কোটি টাকার বেশি। এছাড়া এ ২টি ইউনিটের চিকিৎসক, নার্স ও স্বাস্থ্য কর্মীদের বেতন-ভাতাসহ ব্যয়ভারও বহন করবে ইউএনএইচসিআর।

জুম কনফারেন্সের মাধ্যমে উদ্বোধন অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ডিসি কামাল হোসেন। এতে বক্তব্য দেন মহেশখালী-কুতুবদিয়া আসনের সংসদ সদস্য আশেক উল্লাহ রফিক, শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার মো. মাহবুব আলম তালুকদার, কক্সবাজার মেডিকেল কলেজ হাসপাতালের অধ্যক্ষ প্রফেসর অনুপম বড়ুয়া, পুলিশ সুপার এবিএম মাসুদ হোসেন, সিভিল সার্জন মাহবুবুর রহমান, জেলা আওয়ামী লীগের সভাপতি সিরাজুল মোস্তফা, ইউএনএইচসিআর এর সিনিয়র অপারেশন কো-অর্ডিনেটর হিনাকো টোকি, বিএমএ জেলা শাখার সাধারণ সম্পাদক মাহবুবর রহমান ও কক্সবাজার সাংবাদিক ইউনিয়নের সভাপতি আবু তাহের সহ প্রশাসনের সংশ্লিষ্ট কর্মকর্তারা।