২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

পঞ্চগড়ে উপসর্গ নিয়ে মুক্তিযোদ্ধার মৃত্যু, পরীক্ষার ফল দুই রকম

পঞ্চগড়ে করোনাভাইরাসের উপসর্গ নিয়ে এক মুক্তিযোদ্ধার মৃত্যুর পর নেওয়া নমুনা পরীক্ষায় ফল নেগেটিভ এসেছে, কিন্তু মৃত্যুর আগে নেওয়া নমুনা পরীক্ষা এসেছে পজেটিভ।

পঞ্চগড় প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Jun 2020, 03:58 PM

Updated : 18 Aug 2022, 03:15 PM

পঞ্চগড় সদর ইউনিয়নের মৌলভিপাড়া গ্রামের বাসিন্দা মুক্তিযোদ্ধা আব্দুস সামাদ (৭৫) ওই  ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সভাপতি।

তিনি দীর্ঘদিন ধরে শ্বাসকষ্টে ভুগছিলেন। শনিবার রাতে রংপুর সম্মিলিত সামরিক হাসপাতালে তার মৃত্যু হয়। 

আব্দুস সামাদের ছেলে মো. নুরুজ্জামান বলেন, “দাফনের দিন রাতে রংপুর থেকে বাবার পরীক্ষার ফল করোনাভাইরাস নেগেটিভ বলে আমাদের জানানো হয়। পরে সেই রিপোর্টটি আমরা সংগ্রহ করি। বৃহস্পতিবার রাতে আবার সদর হাসপাতাল থেকে ফোন করে বলা হল ‘তাদের রিপোর্ট পজিটিভ এসেছে’। এখন কোন রিপোর্টটি ঠিক, দোটানায় পড়ে গেছি।”

সিভিল সার্জন ফজলুর রহমান জানান, শনিবার সকালে জীবিত অবস্থায় পঞ্চগড় থেকে আর রাতে মৃত্যুর পর রংপুর থেকে তার নমুনা নেওয়া হয়। রংপুরের নমুনা পরীক্ষার ফল নেগেটিভ আর পঞ্চগড়ের নমুনা পরীক্ষার ফল পজিটিভ এসেছে। 

“দুই রকম ফল আসা অস্বাভাবিক ঘটনা না। পরীক্ষার ফল ৭০ থেকে ৮০ শতাংশ ঠিক হয়। প্রায় ৩০ শতাংশের বিষয়ে নিশ্চিত করে কিছু বলা যায় না। গলার পরিবর্তে যদি ফুসফুসের ভেতর থেকে নমুনা সংগ্রহ করা হয় তার ফল প্রায় ৯৮ শতাংশ নির্ভূল হয়।” 

এদিকে উপসর্গ নিয়ে শনিবার সকালে মারা যাওয়া শহরের রাজনগড় নতুন বস্তি মহল্লার এক তরুণের (২২) নমুনা পরীক্ষায় ফল নেগেটিভ এসেছে বলে সিভিল সার্জন জানিয়েছেন।