করোনাভাইরাস: ঘরে তালা দিয়ে ‘পালিয়ে গেলেন’ পল্লী বিদ্যুৎকর্মী
যশোরের শার্শা উপজেলায় পল্লী বিদ্যুতের এক নিরাপত্তাকর্মী ‘করোনাভাইরাস শনাক্ত হওয়ার খবর পেয়ে’ পালিয়ে গেছেন।
যশোর পল্লী বিদ্যুৎ সমিতি ১-এর বাগআঁচড়া আঞ্চলিক দপ্তরের প্রকৌশলী দেবব্রত কুমার পোদ্দার জানান, ৫০ বছর বয়সী এই নিরাপত্তাকর্মী দপ্তরের পাশে একটি বাড়িতে ভাড়া বাসায় থাকতেন। খুলনার দিঘলিয়া উপজেলায় তার বাড়ি। তিনি কাউকে কিছু না বলে হঠাৎ করেই চলে গেছেন।
ওই ব্যক্তি যে বাড়িতে থাকেন, বৃহস্পতিবার বিকালে সেটা অবরুদ্ধ করতে গিয়ে স্বাস্থ্য বিভাগ তার পালিয়ে যাওয়ার খবর পায়।
বাগআঁচড়া উপ-স্বাস্থ্যকেন্দ্রের উপ-সহকারী চিকিৎসা কর্মকর্তা মতিয়ার রহমান বলেন, বৃহস্পতিবার বিকেল তিনি ওই বাড়িটি অবরুদ্ধ করতে গিয়ে দেখেন, ওই ব্যক্তি যে বাসায় থাকতেন তাতে তালা দেওয়া।
“করোনাভাইরাসে আক্রান্ত হওয়ার খবর শুনে তিনি ঘরে তালা দিয়ে অজ্ঞাত স্থানে চলে গেছেন বলে তার প্রতিবেশীরা জানিয়েছেন। শুক্রবার সকালেও খোঁজ নিয়েছি। তিনি বাসায় ফেরেননি। ওই বাড়িটি অবরুদ্ধ করা হয়েছে। ”
