গোপালগঞ্জে করোনাভাইরাসে কৃষকের মৃত্যু
গোপালগঞ্জে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে এক কৃষকের মৃত্যু হয়েছে; জেলায় এ রোগে আক্রান্ত সাতজনের মৃত্যু হল।
বৃহস্পতিবার বিকেল ৫টার দিকে মুকসুদপুরে তার বাড়িতেই চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।
প্রয়াত এ কৃষক (৬১) মুকসুদপুর উপজেলার বাটিকামারী ইউনিয়নের বাহাড়া চরপাড়া গ্রামের বাসিন্দা।
মুকসুদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মাহমুদুর রহমান জানান, গত ১৫ জুন ফরিদপুর জেলার ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নমুনা পরীক্ষার জন্য দেন এ কৃষক। পরের দিন তার রিপোর্ট পজেটিভ আসে।
“এরপর থেকে তিনি তার বাড়িতে চিকিৎসাধীন ছিলেন “
ওই স্বাস্থ্য কর্মকর্তার নেতৃত্বে পুলিশ, স্বাস্থ্য বিভাগ ও ইসলামিক ফাউন্ডেশনের একটি দল তার দাফন কাজ সম্পন্ন করেছে।
