কোভিড-১৯: মুশফিকের সহায়তায় বগুড়ায় নমুনা সংগ্রহ বুথ
ক্রিকেটার মুশফিকুর রহিমের অর্থে বগুড়ায় করোনাভাইরাস শনাক্তে নমুনা সংগ্রহের চারটি বুথ স্থাপন করা হয়েছে।
সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কেন্দ্রে বুধবার এই বুথগুলো উদ্বোধন করা হয়।
চারটি বুথের মধ্যে তিনটি স্থাপন করা হয়েছে সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কেন্দ্রে এবং অপরটি স্থাপন করা হয় ঈদগাহ মাঠের পাশে একটি ভবনে।
মুশফিকুর রহিম নিলামে ব্যাট বিক্রি করার টাকা থেকে এখানে অর্থ দিয়েছেন বলে বগুড়া সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা সামির হোসেন মিশু জানান।
টেস্ট ক্রিকেটে প্রথম বাংলাদেশি হিসেবে এক ইনিংসে দুইশ রান করেন মুশফিক। যেই ব্যাট থেকে এই রান আসে সেটি তিনি সম্প্রতি নিলামে তোলেন, যার অর্থ করোনাভাইরাস চিকিৎসায় দেওয়ার কথা বলেন তিনি। প্রায় ১৭ লাখ টাকায় ওই ব্যাট কিনে নেয় শহীদ আফ্রিদি ফাউন্ডেশন।
এখান থেকে পাওয়া অর্থে মুশফিক ইতিমধ্যে গত ঈদে বগুড়ায় কয়েকশ দরিদ্র পরিবারকে খাদ্য সহায়তা দেন।
স্বাস্থ্য কর্মকর্তা সামির হোসেন মিশু বলেন, বগুড়া সদর ও পৌর এলাকায় করোনাভাইরাস পরিস্থিতি ‘ভয়াবহ’ হলেও এখানে নমুনা সংগ্রহসহ করোনায় কাজ করার সরকারি বরাদ্দ নেই। তবুও বিভন্ন সাহা্য্য নিয়ে কর্মীরা বাড়ি বাড়ি গিয়ে নমুনা সংগ্রহে এবং কর্মকর্তারা সকাল থেকে রাত ১১টা পর্যন্ত কাজ করছেন।
“মুশফিকুর রহিমের দেওয়া অর্থে স্থাপিত চারটি বুথের মধ্যে একটি ডাক্তার সেফটি চেম্বারও রয়েছে। এর আগে মুশফিকুর রহিম বগুড়ায় দুইশ পিপিই দিয়েছেন।”
সামির হোসেন জানান, বগুড়ায় এখন মোহাম্মদ আলী হাসপাতার, শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ ও বেসরকারি টিএমএমএস হাসপাতালে নমুনা সংগ্রহ চলছে।
করোনাভাইরাসে ডাক্তার, গণমাধ্যমকর্মী, পুলিশ, স্বাস্থকর্মীসহ প্রতিদিন আক্রান্তের সংখ্যা বাড়তে থাকায় শহরের নয়টি এলাকা ‘রেড জোন’ ঘোষণা করা হয়েছে।
বগুড়া সিভিল সার্জন অফিসের তথ্য অনুযায়ী জেলায় এখন মোট আক্রান্তের সংখ্যা এক হাজার ৭০২। এর মধ্যে সদর উপজেলা ও পৌর এলাকায় রয়েছেন এক হাজার ১৭৬ জন। এ পর্যন্ত মোহাম্মদ আলী হাসপাতালের আইসোলেশন কেন্দ্রের আবাসিক চিকেৎসক শফিক আমিন কাজলসহ ২৪ জন ডাক্তার, গণমাধ্যমকর্মী ১৩ জন, পুলিশ ৮৮ জন, সেবিকা ২১ জন, স্বাস্থ্যকর্মী ২৬ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন।
ডা. সামির হোসেন মিশুর সভাপত্বিতে বুথ উদ্বোধন করেন বগুড়া চেম্বার অব কমর্সের সভাপতি মাসুদুর রহমান মিলন।
