গোপালগঞ্জে নির্মাণাধীন স্কুলভবন ঝুঁকিপূর্ণ: তদন্ত প্রতিবেদন
গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলায় একটি বিদ্যালয়ের নির্মাণাধীন একটি ভবন ঝুঁকিপূর্ণ উল্লেখ করে প্রতিবেদন দিয়েছে তদন্ত কমিটি।
বৃহস্পতিবার উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে তদন্ত কমিটির পক্ষ থেকে এই প্রতিবেদন দাখিল করা হয়।
উপজেলার জলিরপাড় জে কে এম বি মল্লিক উচ্চ বিদ্যালয়ের নির্মাণাধীন একটি ভবনের নকশা নিয়ে প্রশ্ন ওঠায় তা তদন্ত করা হয়।
প্রতিবেদেনে বলা হয়েছে, নির্মাণাধীন ভবনটির কোনো অনুমোদিত নকশা নেই। তারপরও তদন্ত কমিটির কাছে স্কুল কর্তৃপক্ষের জমা দেওয়া নকশার ‘ড্রইং’, ‘ডিজাইন’ ও ‘স্পেসিফিকেশন’ অনুযায়ী ভবন নির্মাণ কাজ করা হয়নি। নির্মাণ কাজের সময় ভবন ঠিকমতো ‘কিওরিং’ করা হয়নি।
ভবনটির অবকাঠামোকে খুবই দুর্বল ও ঝুঁকিপূর্ণ উল্লেখ করে প্রতিবেদনে আরও বলা হয়, এ অবস্থায় ভবনটির নির্মাণ কাজ অগ্রসর ও ক্লাস পরিচালনা করা হলে যেকোনো প্রকার দুর্ঘটনা ঘটার আশংকা রয়েছে।
নির্মাণাধীন ভবনটির ছাদ গত এপ্রিল মাসের শেষের দিকে দেবে গেলে এ বিষয়ে গত ৭ মে বিডিনিউিজ টোয়েন্টিফোর ডটকমে সংবাদ প্রকাশিত হয়।
তদন্ত কমিটির প্রধান সজল কুমার দত্ত বলেন, “তদন্তকালে স্কুলের প্রধান শিক্ষক নির্মল সাহা নির্মাণাধীন ভবনের অনুমোদনহীন একটি নকশা আমাদের কাছে দিয়েছেন। নকশার সাথে ভবনের নির্মাণ কাজের কোনো মিল নেই। নির্মাণ কাজে ব্যাপক ত্রুটি দেখা গেছে। ত্রুটিগুলো প্রতিবেদনে উল্লেখ করে ভবনটি ঝুঁকিপূর্ণ বলেছি।”
মুকসুদপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা তাসলিমা আলী বলেন, “তদন্ত প্রতিবেদনটি এখনও আমার হাতে আসেনি। এলে দেখে ব্যবস্থা নেব।”
