কোভিড-১৯: নমুনা দিতে গিয়ে মারা গেলেন সাংবাদিক
কোভিড-১৯ পরীক্ষার জন্য নমুনা দিতে গিয়ে বগুড়ার সাংবাদিক ওয়াসিউর রহমান রতন ‘হৃদরোগে’ আক্রান্ত হয়ে মারা গেছেন।
রতন স্থানীয় দৈনিক বগুড়ার বার্তা সম্পাদক ছিলেন। বৃহস্পতিবার বেলা ১২টার দিকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে তিনি মারা যান।
বগুড়া প্রেসক্লাবের সভাপতি মাহমুদুল আলম নয়ন বলেন, সকালে রতন তার পরিবারের সদস্যদের নিয়ে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে কোভিড-১৯ পরীক্ষার নমুনা দিতে যান। লাইনে দাঁড়ানো অবস্থায় হঠাৎ করেই তিনি অসুস্থ হয়ে পড়েন।
তাকে সঙ্গে সঙ্গে হাসপাতালে নিয়ে ভর্তি করা হয়।
হাসপাতালের সহকারী উপ-পরিচালক মো. আব্দুল ওয়াদুদ বলেন, হাসপাতালে ভর্তি করার ঘণ্টা খানেক পর রতন মারা যান। তিনি হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেছেন বলে চিকিৎসক প্রাথমিকভাবে ধারণা করছেন।
তার অকালমৃত্যুতে বগুড়া প্রেসক্লাবের সভাপতি মাহমুদুল আলম নয়ন, সাধারণ সম্পাদক আরিফ রেহমান, বগুড়া সাংবাদিক ইউনিয়নের সভাপতি আমজাদ হোসেন মিন্টু, সাধারণ সম্পাদক জেএম রউফ, সাংবাদিক ইউনিয়ন বগুড়ার সভাপতি মির্জা সেলিম রেজা, সাধারণ সম্পাদক গণেশ দাস, ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সভাপতি এমআর সাইন ও সাধারণ সম্পাদক আব্দুর রহিম শোক প্রকাশ করেছেন। তারা শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।
