২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ব্রাহ্মণবাড়িয়ার প্রথম রেড-জোন কসবা পৌরের তিন এলাকা অবরুদ্ধ

ব্রাহ্মণবাড়িয়ার কসবা পৌরসভার তিনটি এলাকাকে 'রেড জোন' হিসেবে অবরুদ্ধ ঘোষণা করা হয়েছে।

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Jun 2020, 07:55 PM

Updated : 18 Aug 2022, 03:09 PM

বুধবার থেকে পৌরসভার আড়াইবাড়ি, শাহপাড়া ও শীতলপাড়া এ তিন এলাকায় লকডাউন কার্যকর করে প্রবেশের ও  প্রস্থানের পথ বন্ধ করে দেওয়া হয়েছে।

কসবা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাসুদ উল আলম জানান, পৌরসভার আড়াইবাড়ি, শাহপাড়া ও শীতলপাড়া এলাকাকে লকডাউন করা হয়েছে। এছাড়াও করোনাভাইরাসের সংক্রমণ রোধে কসবা পৌর মার্কেটটিও সাময়িকভাবে বন্ধ ঘোষণা করা হয়েছে।

“এমনিতেও যারা করোনায় আক্রান্ত হন তাদের বাড়ি লকডাউন করতে হয়। সেজন্য পুরো এলাকাকে আমরা লকডাউনের আওতায় নিয়ে এসেছি। আর পৌর মার্কেটিতে প্রচুর জনসমাগম হয়, সেজন্য মার্কেটি আপাতত না খোলার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।”

যে বাড়িগুলোতে করোনা রোগী আছে, তাদের সংস্পর্শে যারা এসেছেন তাদের নমুনা নেওয়া হয়েছে। লকডাউন করা এলাকার বাড়ি-ঘরে খাবার-বাজার পৌঁছে দেওয়ার জন্য কাউন্সিলরদের দায়িত্ব দেওয়া হয়েছে বলে জানান তিনি।

লকডাউনের ফলে ওই এলাকাগুলোতে কঠোর অবস্থানে থাকবে প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনী বলে জানেোন হয়েছে।

উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, গত মঙ্গলবার পর্যন্ত কসবা উপজেলায় ৩৬ জন করোনাভাইরাসে আক্রান্ত বলে শনাক্ত হয়েছেন। এরমধ্যে পৌরসভার বিভিন্ন মহল্লাতেই আক্রান্ত রোগীর সংখ্যা বেশি। মঙ্গলবার কসবার আক্রান্ত ১০ জনের ৮ জনই পৌরসভা এলাকার বাসিন্দা। প্রতিদিনই পৌরসভা এলাকার কেউ না কেউ নতুন করে আক্রান্ত হচ্ছেন। এর ফলে গত মঙ্গলবার বিকালে জরুরি বৈঠকে বসে উপজেলা প্রশাসন।

ওই বৈঠকে পৌরসভা এলাকাকে লকডাউন করার সিদ্ধান্ত গৃহীত হয়। আক্রান্তের সংখ্যা বিবেচনা করে পৌরসভা এলাকাকে 'রেড জোন' ধরা হয়েছে।