করোনাভাইরাস: ফেনীতে চিকিৎসকসহ নতুন ২৭ জন আক্রান্ত
ফেনীতে এক চিকিৎসকসহ নতুন করে আরো ২৭ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন; এ নিয়ে জেলায় আক্রান্তের সংখ্যা দাঁড়াল ৩৪৭।
বুধবার বিকালে সিভিল সার্জন ডা. সাজ্জাদ হোসেন এ তথ্য জানিয়েছেন।
সিভিল সার্জন জানান, গত ২৪ ঘণ্টায় নোয়াখালীর আবদুল মালেক উকিল মেডিকেল কলেজ হাসপাতালের পরীক্ষাগার ১৫১ জনের নমুনা পরীক্ষায় নতুন ২৭ জন করোনাভাইরাস আক্রান্ত শান্ক্ত হয়েছে। এদের মধ্যে ফেনী হার্ট ফাউন্ডেশনের এক চিকিৎসক রয়েছেন।
নতুন শনাক্তদের মধ্যে ফেনী সদর উপজেলায় ৮ জন, সোনাগাজীতে ৯ জন, পরশুরামে ৫ জন, ছাগলনাইয়ায় চারজন ও দাগনভুইয়ার একজন রয়েছে।
মঙ্গলবার ১৫১টি নমুনা পরীক্ষার জন্য নোয়াখালীতে পাঠানো হয়েছিল।
সিভিল সার্জন অফিসের মেডিকেল অফিসার ও জেলা করোনা নিয়ন্ত্রণ কক্ষের সমন্বয়ক ডা. শরফুদ্দিন মাহমুদ জানান, গত ১৬ এপ্রিল ফেনীতে প্রথম এক যুবকের শরীরে করোনাভাইরাসের সংক্রামণ শনাক্ত হয়।
“গত পৌনে দুই মাসে চিকিৎসক, স্বাস্থ্যকর্মী, পুলিশ সদস্য, গণমাধ্যমকর্মী, জনপ্রতিনিধি, সরকারি কর্মকর্তা, ব্যাংকার, প্রকৌশলীসহ ৩৪৭ জনের পজেটিভ রিপোর্ট পেয়েছে। এর মধ্যে ৯ জন মারা গেছেন। সুস্থ হয়েছেন ৭৩ জন।
“আক্রান্ত সাতজনকে অন্যত্র স্থানান্তর করা হয়েছে। বর্তমানে অন্য আক্রান্তরা ফেনী জেনারেল হাসপাতালের আইসোলেশন ওয়ার্ড ও হোম আইসোলেশনে থেকে চিকিৎসা নিচ্ছেন। “
তিনি জানান, বুধবার পর্যন্ত জেলায় ৩ হাজার ৩০ জনের নমুনা সংগ্রহ করা হয়েছে। এদের মধ্যে ২ হাজার ২৫২ জনের প্রতিবেদন পেয়েছে জেলা স্বাস্থ্য বিভাগ। ৭৭৮ জন নমুনা পরীক্ষার ফল পাওয়ার অপেক্ষায় রয়েছে ।
