করোনাভাইরাস: ফেনীতে মৃত্যুর পর ২ জনের সংক্রমণ শনাক্ত
ফেনীতে দুই বৃদ্ধের করোনাভাইরাস সংক্রমণ শনাক্ত হয়েছে মারা যাওয়ার পর।
মঙ্গলবার নোয়াখালীর আবদুল মালেক উকিল মেডিকেল কলেজ থেকে পাঠানো প্রতিবেদনে সাত জনের করোনাভাইরাস শনাক্ত হয়, যাদের মধ্যে এই দুজনও আছেন বলে জানান সিভিল সার্জন সাজ্জাদ হোসেন।
সিভিল সার্জন জানান, জ্বর, কাশি ও শ্বাসকষ্ট নিয়ে মারা যাওয়া দুই বৃদ্ধ করোনাভাইরাসে আক্রান্ত ছিলেন। এদের মধ্যে একজন সদর ও অপরজন দাগনভূঁইয়া উপজেলার বাসিন্দা।
জেলা স্বাস্থ্য বিভাগ জানায়, মৃত দুজনের মধ্যে ৭২ বছর বয়সী একজনের বাড়ি জেলা শহরের তাকিয়া বাড়ি ও ৬৫ বছর বয়সী অপরজনের বাড়ি দাগনভুঁইয়া উপজেলার মাতুভূঞা ইউনিয়নের উত্তর আলীপুর গ্রামে। দুজনই ফেনী জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় গত ৪ জুন মারা যান। মৃত্যুর পর তাদের নমুনা পরীক্ষার জন্য পাঠানো হয়।
সিভিল সার্জন অফিসের মেডিকেল অফিসার ও জেলা করোনা নিয়ন্ত্রণ কক্ষের সমন্বয়ক ডা. মো. শরফুদ্দিন মাহমুদ জানান, করোনাভাইরাসে আক্রান্ত হয়ে ফেনীতে ইতোমধ্যে ৯ জন মারা গেছেন। এদের মধ্যে চারজন সোনাগাজীর, দুইজন করে সদর ও দাগনভূইয়ার এবং একজন ছাগলনাইয়া উপজেলার বাসিন্দা। এদের মধ্যে দুইজন নারী ও সাতজন পুরুষ।
ডা. শরফুদ্দিন আরও জানান, জেলায় কোভিড-১৯ সংক্রমিত রোগীর সংখ্যা ৩২০। সুস্থ হয়েছে ৬৮ জন।
