কোভিড-১৯ আক্রান্তের দাবি পরীক্ষা ভুয়া, ফিরিয়ে দিলেন অ্যাম্বুলেন্স
গাইবান্ধায় নমুনা পরীক্ষায় করোনাভাইরাস ধরা পড়া এক রোগীকে সাড়ে তিনঘণ্টা চেষ্টা করেও হাসপাতালে আনা যায়নি।
সদ্য নারায়ণগঞ্জ জেলা থেকে সাদুল্লাপুর উপজেলায় ফেরা এ পোশাক কর্মীর দাবি তার কোভিড-১৯ রোগ হয়নি, তার নমুনা পরীক্ষার ফলাফল ‘ভুয়া।’
গত শনিবার রাতে ১০-১২ দিন আগে নারায়ণগঞ্জ থেকে ফরিদপুর ইউনিয়নের নয়নপুর গ্রামের বাড়িতে ফেরা এ পোশাক কারখানার কর্মী (৩৫) পুলিশসহ স্বাস্থ্যকর্মীদের এভাবে ফিরিয়ে দেন।
সাদুল্লাপুর থানার ওসি মাসুদ রানা জানান, শনিবার রাত ৯টার দিকে তাকে আইসোলেশনে নিয়ে আসার জন্য পুলিশ ও স্বাস্থ্য বিভাগের লোকজন তার বাড়িতে যায়। কিন্তু তিনি আসতে অপারগতা প্রকাশ করে স্বাস্থ্য বিভাগের লোকজন ও পুলিশকে ‘গালিগালাজ করেন।’
“রাত সাড়ে ১২টা পর্যন্ত চেষ্টা করেও তাকে আইসোলেশনে নিয়ে আসার জন্য স্বাস্থ্য বিভাগের অ্যাম্বুলেন্সে ওঠানো সম্ভব হয় নাই।”
সাদুল্লাপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পা কর্মকর্তা ডা. শাহীনুল ইসলাম মন্ডল জানান, গত ৩ জুন ওই যুবকের নমুনা সংগ্রহ করে রংপুর পিসিআর ল্যাবে পাঠানো হয়। ৬ জুন রির্পোট আসে তিনি এ রোগে আক্রান্ত।
ডা. শাহীনুল জানান, তবে করোনাভাইরাস আক্রান্ত ওই রোগী তাদের কাছে দাবি করেন তিনি ‘করোনাভাইরাসে আক্রান্ত হন নাই-এ পরীক্ষা ভুয়া।’
ঢাকায় গিয়ে নতুন করে পরীক্ষা ও চিকিৎসা করাবেন বলে স্বাস্থ্যকর্মীদের জানিয়েছেন তিনি।
এদিকে, রোবাবর সন্ধ্যায় ফরিদপুর ইউনিয়নের নয়নপুর গ্রামের সাবেক ইউপি সদস্য মিলন মিয়া জানান, ওই রোগীর বাড়িতে অবস্থান করা এবং স্বাভাবিক মানুষের মত চলাফেরা করায় এলাকায় আতঙ্ক ছড়িয়েছে।
