করোনাভাইরাস: যশোরে ভারত ফেরত ২ জন শনাক্ত
যশোরে ভারত ফেরত দুই ব্যক্তির করোনাভাইরাসের সংক্রমণ ধরা পড়েছে।এ নিয়ে জেলায় এ রোগে আক্রান্তের সংখ্যা ১০৯ জনে দাঁড়াল।
সোমবার যশোরের সিভিল সার্জন ডা. শেখ আবু শাহীন এ কথা জানান।
যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে নমুনা পরীক্ষা কার্যক্রমের বর্তমান টিম লিডার বিশ্ববিদ্যালয়ের বায়োমেট্র্রিক ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টের সহকারী অধ্যাপক ড. হাসান মো. আল ইমরান বলেন, আম্পানের কারণে তাদের বিশ্ববিদ্যালয়ে নমুনা পরীক্ষা বন্ধ ছিল। নতুন করে পরীক্ষা শুরুর প্রথম দিন যশোরের দুই ব্যক্তির শরীরে করোনাভাইরাসের উপস্থিতি ধরা পড়ে। সোমবার এ ফলাফল জানানো হয়।
সিভিল সার্জন বলেন, “আক্রান্ত দুই ব্যক্তিই ভারত ফেরত। বেনাপোল হয়ে দেশে ঢোকার পর শার্শায় কোয়ারেন্টিনে থাকাকালে তাদের শরীর থেকে নমুনা সংগ্রহ করা হয়। তারা এখনও শার্শায় প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টিনে রয়েছেন। তাদের হোম না প্রাতিষ্ঠানিক আইসোলেশনে নেওয়া হবে, সেই সিদ্ধান্ত এখনও হয়নি।”
আক্রান্তরা দুই জনই পুরুষ এবং তাদের বাড়ি যশোর সদর উপজেলায় বলে জানান আবু শাহীন।
তিনি বলেন, গত ২০ মে সুপার সাইক্লোন আম্পান আঘাত করার দিন যবিপ্রবি ল্যাব বন্ধ হয়ে যায়। এরপর রোববার এখানে ফের নমুনা পরীক্ষা শুরু হয়। এদিন যশোর সিভিল সার্জন দপ্তর থেকে পাঠানো ১৮টি নমুনা পরীক্ষা করে দুইটি নমুনা পজিটিভ হিসেবে শনাক্ত হয়।
