২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ঝিনাইদহের পুকুরে ভাইবোনের লাশ, মা আটক

ঝিনাইদহের একটি পুকুর থেকে ভাইবোনের লাশ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ তাদের মাকে আটক করেছে।

ঝিনাইদহ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 31 May 2020, 04:46 PM

Updated : 18 Aug 2022, 03:06 PM

নিহতরা হচ্ছে সদর উপজেলার বানিয়াকান্দর গ্রামের নজরুল ইসলামের ছেলে আবু সালেহ মাহি (৫) ও মেয়ে সাফিয়া খাতুন (৯)।

নজরুলের প্রতিবেশী সুফিয়া খাতুন বলেন, “রোববার দুপুরে দুই শিশুর মা মনিরা খাতুন এসে আমাকে বলেন, ‘এ দুটোকে মানুষ করতে কষ্ট হচ্ছে। ওদের পানিতে ফেলে দিয়েছি।’

“এ সময় মনিরাকে সঙ্গে নিয়ে পুকুরে যায় প্রতিবেশীরা। অনেক খোঁজাখুঁজির পর পুকুরে কাদার ভেতর থেকে শিশু দুটির লাশ উদ্ধার করা হয়।”

খবর পেয়ে পুলিশ গিয়ে মনিরা খাতুনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করে।

ঝিনাইদহ থানার পরিদর্শক (তদন্ত) এমদাদুল হক বলেন, সকালে মনিরা তার ছেলেমেয়েকে নিয়ে বাড়ির পাশের পুকুরে গোসল করতে যান। গোসল শেষে মনিরা বাড়ি ফিরে প্রতিবেশী এক নারীর কাছে পানি খেতে চান।

এ সময় মনিরা নিজেই প্রতিবেশী সুফিয়াকে ঘটনার কথা বলেন।

তবে পরিদর্শক এমদাদুল বলেন, এটি হত্যা নাকি পানিতে ডুবে মৃত্যু তা পুলিশ এখনও নিশ্চিত না। এ ঘটনায় জিজ্ঞাসাবদের জন্য মনিরাকে আটক করা হয়েছে। ময়নাতদন্তের পর মৃত্যুর কারণ জানা যাবে।

লাশ ময়নাতদন্তের জন্যে ঝিনাইদহ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে বলে তিনি জানান।