২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

ফেনীর মারা যাওয়া দুজন আক্রান্ত ছিলেন

ফেনীর মারা যাওয়া এক স্বাস্থ্যকর্মী ও এক নারীর নমুনা পরীক্ষায় করোনাভাইরাস সংক্রমণ শনাক্ত হয়েছে।

ফেনী প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 May 2020, 11:05 AM

Updated : 08 Apr 2022, 12:48 AM

জেলায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মৃত্যুর ঘটনা এটাই প্রথম।

রোববার রাতে চট্টগ্রাম থেকে আসা মৃত ব্যক্তিদের নমুনা পরীক্ষার ফলাফলের বরাতে ফেনীর সিভিল সার্জন ডা. সাজ্জাদ হোসেন এ কথা জানান।

মৃতরা হলেন- সোনাগাজী উপজেলার নবাবপুর ইউনিয়নের মজুপুর কমিউনিটি ক্লিনিকের হেলথ প্রোভাইডর।তার বাড়ি সোনাগাজী উপজেলার নবাবপুর ইউনিয়নের মজুপুর গ্রামে। আর পঞ্চাশোর্ধ ওই নারীর বাড়ি সদর উপজেলার পাঁচগাছিয়া ইউনিয়নের পশ্চিম বিজয়সিংহ গ্রামে।

সাজ্জাদ বলেন, “গত ১১ মে সকালে ওই নারী শ্বাসকষ্ট নিয়ে ফেনী জেনারেল হাসপাতালে ভর্তি হন। চিকিৎসাধীন অবস্থায় সেদিন রাতেই তার মৃত্যু হয়। পরে স্বাস্থ্য বিভাগ তার নমুনা সংগ্রহ করে এবং পরদিন সকালে তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।

“রিপোর্টে করোনাভাইরাস পজেটিভ আসায় ওই নারীর বাড়ি অবরুদ্ধ করা হয়েছে।”

সোনাগাজী উপজেলা স্বাস্থ্য ও পরিবার-পরিকল্পনা কর্মবর্তা ডা. উৎপল দাস বলেন, মারা যাওয়া স্বাস্থ্যকর্মী দীর্ঘদিন ধরে লিভার, ক্যান্সার ও ডায়াবেটিসে ভুগছিলেন। তিনি হাসপাতাল থেকে ছুটি নিয়ে রাজধানীর ইবনেসিনা হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসা নিচ্ছিলেন। সেখানে গত ১০ মে তিনি মারা যান।

পরে তার লাশ ফেনী আনা হলে করোনাভাইরাস পরীক্ষার জন্য নমুনা সংগ্রহ করা হয়। রিপোর্ট পজেটিভ আসায় পর উপজেলা প্রশাসনের নির্দেশে স্বাস্থ্যকর্মীর বাড়িসহ দুই বাড়ি অবরুদ্ধ করা হয়েছে বলে জানান তিনি।

ফেনী জেলা সিভিল সার্জন কার্যালয়ের মেডিকেল অফিসার ডা. শরফুদ্দিন মাহমুদ জানান, জেলায় দুই জনপ্রতিনিধি, দুই সরকারি কর্মকর্তা, চার চিকিৎসক, চার পুলিশসহ ৬১ জন আক্রান্ত হয়েছেন। এ পর্যন্ত সুস্থ্ হয়েছেন আটজন। তিনজনকে জেলার বিভিন্ন মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে এবং বাকিরা ফেনীতে আইসোলেশনে থেকে চিকিৎসা নিচ্ছেন।