মাগুরায় দুই চিকিৎসক, দুই ইউপি চেয়ারম্যানের কোভিড-১৯
মাগুরা সদর হাসপাতালের তত্ত্বাবধায়কসহ দুই চিকিৎসক ও দুই ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানের কোভিড-১৯ শনাক্ত হয়েছে।
যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ল্যাবে পরীক্ষা শেষে বুধবার সকালে এই প্রতিবেদন এসেছে বলে মাগুরার সিভিল সার্জন প্রদীপ কুমার সাহা জানিয়েছেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, বুধবার তারা মোট ১৩টি পরীক্ষার প্রতিবেদন পেয়েছেন। এখানে চারজনের পজিটিভ এসেছে। তাদের মধ্যে মাগুরা সদর হাসাপাতালের তত্ত্বাবধায়ক ও একই হাসাপতালে একজন চিকিৎসা কর্মকর্তা রয়েছেন। অন্য দুইজন হলেন জেলার শ্রীপুর উপজেলা নাকোল ও শ্রীকোল ইউনিয়ন পরিষদের দুই চেয়ারম্যান।
সিভিল সার্জন বলেন, এ জেলায় এ পর্যন্ত সন্দেহভাজন ৪০৭ জনের নমুনা সংগ্রহ করা হয়েছে। তার মধ্যে ৩১৩ জনের পরীক্ষার ফল হাতে এসেছে। ৩১৩ জনের মধ্যে মোট ১৯ জনের কোভিড-১৯ শনাক্ত হয়েছে।
