গাজীপুরে কনের বাবা কারাগারে আর বর গুণলেন জরিমানা
গাজীপুরে বাল্যবিয়ে দেওয়ার অপরাধে কনের বাবাকে সাত দিনের বিনাশ্রম কারাবাসের সাজা এবং বরকে পাঁচ হাজার টাকা জরিমানা করেছে এক ভ্রাম্যমাণ আদালত।
জেলার কাপাসিয়া উপজেলার টোক ইউনিয়নের আড়ালিয়া গ্রামে সোমবার রাত ১১টার দিকে বাল্যবিয়ে হচ্ছে এমন খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে এই ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ইসমত আরা।
কাপাসিয়া থানার ওসি রফিকুল ইসলাম জানান, টোক ইউনিয়নের আড়ালিয়া গ্রামের মো. আলমের মেয়ে মাদ্রাসা পড়ুয়া ছাত্রীকে সুলতানপুর গ্রামের নুরুল ইসলামের ছেলে মাসুমের সাথে বাল্যবিয়ে দেয়ার অপরাধে মেয়ের বাবা ও বরকে সাজা দেওয়া হয়েছে।
“কাজী পলাতক রয়েছেন।”
কাপাসিয়া উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ইসমত আরা জানান, বাল্যবিবাহ নিরোধ আইন ২০১৭ এর ৭ ধারা অনুযায়ী মেয়ের বাবা আলমকে সাত দিনের বিনাশ্রম কারাদণ্ড এবং নুরুল ইসলামের ছেলে বর মাসুমকে পাঁচ হাজার টাকা অর্থদণ্ড করা হয়েছে।
