২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

গাজীপুরে ‘স্বামীর মারধরে’ গৃহবধূর মৃত্যু

গাজীপুরে সদর উপজেলায় পারিবারিক বিরোধের জেরে এক গৃহবধূকে মারধরে  হত্যার অভিযোগ উঠেছে তার স্বামীর বিরুদ্ধে।    

গাজীপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 May 2020, 02:15 PM

Updated : 18 Aug 2022, 02:59 PM

নিহতের রাবেয়া বশরী (২০) উপজেলার ভাওয়ালগড় ইউনিয়নের নলজানী মধ্যপাড়া এলাকার আফজাল হোসেনের স্ত্রী।

আফজাল ওই এলাকার ফজলুল হকের ছেলে।ঘটনার পর থেকে আফজাল ও তার বাড়ির লোকজন পলাতক রয়েছেন বলে জয়দেবপুর থানার ওসি মো. জাবেদুল ইসলাম জানান।

জাবেদুল বলেন, “আফজালের সঙ্গে নলজানি পূর্বপাড়া এলাকার জহিরুল ইসলামের মেয়ে রাবেয়ার ২০১৮ সালে বিয়ে হয়। বিয়ের পর থেকেই আফজাল রাবেয়াকে নানাভাবে নির্যাতন করতো। বুধবার রাতে পারিবারিক বিরোধের জেরে স্বামী-স্ত্রীর মাঝে ঝগড়া শুরু হয়। এক পর্যায়ে আফজাল তার স্ত্রীকে মারধর করে।“

নিহতের মা নিলুফা বলেন, বুধবার রাত ১১টার দিকে আফজালের বাবা মোবাইলে ফোন করে তাদের জানান যে, আফজালের সঙ্গে ঝগড়ার পর রাবেয়া  অসুস্থ হয়ে পড়েছে। পরে রাতেই রাবেয়াকে প্রথমে স্থানীয় একটি ক্লিনিকে নেওয়া হয়।

“সেখানে রাবেয়ার শরীরিক অবস্থার অবনাতি হলে উন্নত চিকিৎসার জন্য তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয। পরে সেখানে কর্তব্যরত চিকিৎসকেরা তাকে মৃত ঘোষণা করেন।”
রাবেয়ার মাথায় আঘাতের কারণেই তার মৃত্যু হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে জানিয়ে ওসি বলেন, লাশ ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে রয়েছে।

ময়নাতদন্তের প্রতিবেদন মৃত্যৃর কারণ জানা যাবে। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।