কক্সবাজারে ‘মাদক পাচারকারি’ কথিত বন্দুকযুদ্ধে নিহত
কক্সবাজারের উখিয়ায় কথিত বন্দুকযুদ্ধে এক ব্যক্তি নিহত হয়েছেন, যাকে মাদক পাচারকারি বলে দাবি করছে বিজিবি। ঘটনাস্থল থেকে উদ্ধার করা হয়েছে ইয়াবা ও অস্ত্র।
বৃহস্পতিবার ভোরে উপজেলার পালংখালী ইউনিয়নের রহমতেরবিল সীমান্তে গোলাগুলির ওই ঘটনা ঘটে বলে বিজিবি কক্সবাজার-৩৪ ব্যাটালিয়ানের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আলী হায়দায় আজাদ আহমেদ জানান।
নিহত মোহাম্মদ সাদেক (২২) উখিয়ার বালুখালী ৮ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের ৭৪ ব্লকের আব্দুল জলিলের ছেলে।
আলী হায়দার বলেন, মিয়ানমার থেকে ইয়াবার বড় একটি চালান আসার খবরে বিজিবির একটি দল ঘটনাস্থলে অবস্থান নেয়। এক পর্যায়ে রহমতেরবিল সীমান্তের বেড়িবাঁধ দিয়ে ৪/৫ জন লোককে আসতে দেখে বিজিবির সদস্যরা তাদের থামার জন্য নির্দেশ দেয়। এ সময় তারা বিজিবিকে লক্ষ্য করে গুলি করলে বিজিবিও আত্মরক্ষার্থে পাল্টা গুলি করে।
"এক পর্যায়ে ইয়াবা পাচারকারিরা মিয়ানমার সীমান্তের দিকে পালিয়ে যায়। পরে ঘটনাস্থল থেকে একজনকে গুলিবিদ্ধ অবস্থায় উদ্ধার করে উখিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে সেখানে কর্তব্যরত চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করে।"
এ ঘটনায় বিজিবির এক সদস্য আহত হয়েছেন। এছাড়া ঘটনাস্থল থেকে ৩০ হাজার ইয়াবা, দেশীয় একটি বন্দুক ও তিনটি গুলি উদ্ধার করা হয়েছে বলে জানান বিজিবির এ কর্মকর্তা।
