২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

শেরপুরে ‘১৪ মাস আগে নিখোঁজ শিশুর’ কঙ্কাল উদ্ধার

শেরপুরে মাটির নিচে একটি কঙ্কাল পাওয়া গেছে, যেটি ১৪ মাস আগে নিখোঁজ এক শিশুর বলে ধারণা করা হচ্ছে।

শেরপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 May 2020, 12:21 AM

Updated : 18 Aug 2022, 02:59 PM

শেরপুর সদর থানার ওসি আব্দুল্লাহ আল মামুন জানান, মঙ্গলবার সদর উপজেলার বলাইয়ের চড় কান্দাপাড়ার একটি পরিত্যক্ত ভিটায় কঙ্কালটি পাওয়া যায়।

পরিচয় উদ্ধারের জন্য ওই কঙ্কালের ডিএনএ পরীক্ষা করা হবে বলে জানান ওসি মামুন।

পুলিশ জানিয়েছে, বলাইয়ের চর কান্দাপাড়া গ্রামের লতিফ মিয়ার ৬ষ্ঠ শ্রেণিতে পড়ুয়া ছেলে আতিক (১২) গত বছরের ২২ ফেব্রুয়ারি নিখোঁজ হয়। তখন তার বাবা শেরপুর সদর থানায় একটি সাধারণ ডায়েরি করেন। পরে গত বছরের ৭ এপ্রিল প্রতিবেশী বাবুল মিয়া ও তার স্ত্রীকে আসামি করে আদালতে একটি অপহরণ মামলা করেন আতিকের বাবা লতিফ মিয়া। এক পর্যায়ে বাদীর আবেদনে গত বছরের ডিসেম্বরে পিবিআই মামলার তদন্ত শুরু করে।

আসামি বাবুল মিয়া ও তার স্ত্রীসহ আরও তিনজনকে পুলিশ গ্রেপ্তার করেছিল। তবে বর্তমানে বাবুল মিয়া ছাড়া বাকি আসামিরা জামিনে আছেন।

ওসি মামুন বলেন, কঙ্কালটি যেহেতু আসামির পরিত্যক্ত ভিটায় পাওয়া গেছে, তাই ধারণা করা হচ্ছে এটি নিখোঁজ আতিকের। পিবিই কঙ্কালটির ডিএনএ পরীক্ষার আবেদন করবে।

স্থানীয়দের উদ্ধৃতি দিয়ে ওসি জানান, ঘটনার কিছুদিন পর বাবুল মিয়ার পরিবার অন্যত্র চলে গেলে তাদের ভিটা পরিত্যক্ত অবস্থায় পড়ে থাকে। ভিটা থেকে প্রতিবেশীরা বিভিন্ন সময় মাটি কেটে নিয়ে যায়।

“মঙ্গলবার আতিকের বাবা লতিফ মিয়া ওই ভিটা থেকে মাটি কাটার সময় কঙ্কালের সন্ধান পান। পরে খবর দিলে পুলিশ গিয়ে মাটি সরিয়ে কঙ্কালটি উদ্ধার করে।”

কঙ্কালটির ডিএনএ টেস্ট করার জন্য আবেদন করা হবে বলে পিবিআই-এর অতিরিক্ত পুলিশ সুপার সীমা সরকার বাবলী জানান।

সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি আরও বলেন, “অনেকদিন থেকে আমরা এই মামলাটি তদন্ত করছিলাম। আজ ভিক্টিমের কঙ্কাল উদ্ধার হয়েছে। যারা এই হত্যাকাণ্ডে জড়িত তাদের খুঁজে বের করে আইনের আওতায় আনা হবে।”