চাঁদপুরে মৃত নারীর কোভিড-১৯ শনাক্ত
চাঁদপুর সদর হাসপাতালের আইসোলেশন ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুর পর এক নারীর কোভিড-১৯ পরীক্ষায় পজিটিভ এসেছে।
৪০ বছর বয়সী এই নারী চাঁদপুর শহরের বিষ্ণুদী মাদ্রাসা রোড এলাকায় ভাড়া বাসায় পরিবারের সঙ্গে থাকতেন। তাদের বাড়ি হাজীগঞ্জের পূর্ব রাজারগাঁও গ্রামে।
সদর হাসপাতালের আবাসিক মেডিকেল কর্মকর্তা (আরএমও) সুজাউদ্দৌলা রুবেল জানান, শুক্রবার রাত ৮টার দিকে জ্বর, কাশি ও শ্বাসকষ্ট নিয়ে হাসপাতালে আসেন এই নারী। তখনই তাকে হাসপাতালের আইসোলেশন ইউনিটে ভর্তি করা হয়। ভর্তির দেড় ঘণ্টার মধ্যে রাত সাড়ে ৯টার দিকে তিনি মারা যান।
মৃত্যুর পর পরীক্ষার জন্য তার নমুনা সংগ্রহ করা হয়। সোমবার রাতে পরীক্ষার প্রতিবেদন আসে।
আরএমও বলেন, চাঁদপুরে কোভিড-১৯ পরীক্ষায় মোট ৩০ জনের পজিটিভ এসেছে। সোমবার রাতে সর্বশেষ আটজনের প্রতিবেদন পাওয়া গেছে। এ নিয়ে এ জেলায় করোনাভাইরাসে আক্রান্ত চারজন মারা গেলেন। সবারই মৃত্যুর পর নমুনা সংগ্রহ করা হয়েছিল। তাদের দুইজন সদর হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে আর দুইজন বাড়িতে মারা যান।
এছাড়া করোনাভাইরাসের উপসর্গ নিয়ে সোমবার রাতে হাজীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ৬৫ বছর বয়সী এক ব্যক্তি মারা গেছেন বলে পুলিশ ও জনপ্রতিনিধি জানিয়েছেন।
হাজীগঞ্জ ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সফিকুল ইসলাম মীর জানান, দাফনের জন্য স্থানীয়রা এগিয়ে না আসলেও তিনি উপজেলায় দাফনের জন্য প্রস্তুতি টিমের প্রধান যোবায়ের আহমেদকে খবর দেন। খবর শুনে ইসলামী আন্দোলন বাংলাদেশের একটি দল জানাজা ও দাফনে অংশ নেয়।
“আমি ঘটনাস্থলে ছিলাম। হাসপাতালের একটি দল মৃত ব্যক্তির নমুনা সংগ্রহ করেছে। নমুনা সংগ্রহের পর স্বাস্থ্যবিধি মেনে গোসল ও জানাজা শেষে দাফন করা হয়েছে।”
