কোভিড-১৯: গাজীপুরে আরও এক সাংবাদিক আক্রান্ত
গাজীপুরে আরও এক সাংবাদিকের কোভিড-১৯ শনাক্ত হয়েছে।এ নিয়ে জেলায় তিন সাংবাদিক এ রোগে আক্রান্ত হলেন।
বাংলাদেশ সংবাদ সংস্থার (বাসস) গাজীপুরের এ জেলা প্রতিনিধির নমুনা পরীক্ষার ফলাফল সোমবার পাওয়া যায়।
গাজীপুরের সিভিল সার্জন মো. খায়রুজ্জামান বলেন, “গত ২ মে জেলার ১৩০ জনের নমুনা সংগ্রহ করে ঢাকায় পাঠানো হয়েছিল। রিপোর্টে বাসসের এক সাংবাদিকসহ তিনজনের করোনাভাইরাস পজেটিভ আসে।”
ওই সাংবাদিককে শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে আইসোলেশনে রাখা হয়েছে বলে জানান তিনি।
এ নিয়ে গাজীপুরে কোভিড-১৯ রোগে আক্রান্তের সংখ্যা ৩৩৬ জনে দাঁড়াল। আর এ রোগে মারা গেছেন দুই জন।
খায়রুজ্জামান বলেন, ইতোপূর্বে করোনাভাইরাসে আক্রান্ত ৭১টিভির গাজীপুর জেলা প্রতিনিধি সুস্থ হয়ে ছাড়পত্র পেয়েছেন। আর এসএ টিভির জেলা প্রতিনিধি নিজ বাসায় আইসোলেশনে রয়েছেন।
