কোভিড-১৯: ফরিদপুরে উপসর্গ নিয়ে ২ জনের মৃত্যু
ফরিদপুরে করোনাভাইসের উপসর্গ নিয়ে দুইজনের মৃত্যু হয়েছে। তাদের নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য পাঠানো হয়েছে।
ফরিদপুরের সিভিল সার্জন ডা. ছিদ্দীকুর রহমান এ তথ্য নিশ্চিত করেন।
মৃতদের মধ্যে ৩২ বছরের একজন মারা যান ফরিদপুর জেনারেল হাসপাতালে। তার বাড়ি সদর উপজেলার গেরদা ইউনিয়নের বুকাইল গ্রামে।
তিনি শহরের একটি সিমেন্টের দোকানে ম্যানেজার হিসেবে কর্মরত ছিলেন। শহরের আলীপুরে পরিবারের তিন সদস্যকে নিয়ে একটি বাসায় ভাড়া থাকতেন তিনি।
ওই ব্যক্তির চাচাত ভাই বলেন, গত তিনদিন ধরে তার ভাইয়ের শ্বাসকষ্ট ও পেটে ব্যাথা ছিল। পরে শারীরিক অবস্থার অবনতি হওয়ায় সোমবার তাকে ফরিদপুর জেনারেল হাসপাতালে নেওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ওই পরিবারের অন্য তিন সদস্যও জ্বরে আক্রান্ত বলে জানান তিনি।
ফরিদপুর জেনালের হাসপাতালের আরএমও (আবাসিক মেডিকেল অফিসার) ডা. গণেশ আগরওয়াল বলেন, “হাসপাতালে আনার পর চিকিৎসা দিতে গিয়ে দেখা যায় রোগীর মৃত্যু হয়েছে। তার নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য পিসিআর ল্যাবে পাঠানো হবে। রিপোর্ট পজিটিভ হলে মৃতের পরিবারের অন্যদের নমুনা পরীক্ষা করা হবে।”
একই দিনে সকাল সাড়ে ৯টার সদর উপজেলার চরমাধবদিয়া ইউনিয়নের রিয়াজউদ্দিন মাতুব্বরের ডাঙ্গি গ্রামের এক ব্যক্তি (৪৫) মারা যান। পেশায় তিনি একজন জেলে ছিলেন।
সিভিল সার্জন ছিদ্দীকুর বলেন, গত পাঁচদিন ধরে ওই ব্যক্তি জ্বরে আক্রান্ত ছিল। সোমবার তার মৃত্যুর খবর পেয়ে নমুনা সংগ্রহ করে ল্যাবে পরীক্ষার জন্য পাঠানো হয়েছে।
