২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

গাজীপুরে শিশু হত্যা মামলার আসামি বন্দুকযুদ্ধে নিহত

গাজীপুরে শিশু হত্যা মামলার এক আসামি র‌্যাবের সঙ্গে কথিত বন্ধুকযুদ্ধে নিহত হয়েছেন।

গাজীপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 May 2020, 10:06 AM

Updated : 18 Aug 2022, 02:58 PM

র‌্যাব ১-এর পোড়াবাড়ি ক্যাম্পের কোম্পানি কমান্ডার আব্দুল্লাহ আল-মামুন জানান, রোববার গভীর রাতে গাজীপুর সিটি করপোরেশনের কোনাবাড়ি এলাকায় গোলাগুলির এ ঘটনা ঘটে।

নিহত মো. জুয়েল আহমেদ সবুজ (১৯) নোয়াখালীর বেগমগঞ্জ থানার পদিপাড়া এলাকার রফিক উল্লাহর ছেলে। জুয়েল কোনাবাড়ি পারিজাত এলাকায় ফরহাদ হোসেনের বাড়িতে ভাড়া থেকে পোশাক কারখানায় চাকরি করতেন।

র‌্যাব কর্মকর্তা আল-মামুন বলেন, সপ্তাহ খানেক আগে ফরহাদ হোসেনের ছেলে আলিফ (৫) খুন হয়। এ ঘটনায় জুয়েলের বন্ধু সাগরকে শনিবার রাতে আটক করে র‌্যাব। সাগরসহ তিন বন্ধু ফরহাদ হোসেনের বাড়িতে ভাড়া থেকে চাকরি করেন।

“উচ্ছৃঙ্খল জীবনযাপন ও মেয়েদের উত্ত্যক্ত করার কারণে সাগরের বন্ধু ও রুমমেট জুয়েলকে চড়-থাপ্পড় দেন বাড়ির মালিক ফরহাদ হোসেন। এতে ক্ষুব্ধ হন সাগর ও জুয়েল।”

এই ক্ষোভ থেকে বাড়ির মালিক ফরহাদ হোসেনের ছেলে আলিফকে হত্যার পরিকল্পনা করা হয় বলে জানান র‌্যাব কর্মকর্তা আল-মামুন।

তিনি বলেন, তারা ২৯ এপ্রিল ফরহাদ হোসেনের ছেলে আলিফকে খেলার কথা বলে বাড়ির ছাদে নিয়ে গলা টিপে হত্যা করেন। পরে লাশ প্লাস্টিকের বস্তায় ভরে একই বাড়ির একটি ঝুটের গুদামে লুকিয়ে রাখেন। তারা বাসা থেকে পালিয়ে গিয়ে আলিফের বাবার কাছে ফোন করে ২০ লাখ টাকা মুক্তিপণ দাবি করেন। আলিফের বাবা র‌্যাবকে ঘটনা জানান এবং থানায় সাগর ও জুয়েলের বিরুদ্ধে মামলা করেন।

শনিবার রাতে মুক্তিপণের টাকা দেওয়ার কথা বলে র‌্যাব সদস্যরা সাগরকে গাজীপুর শহরের পুবাইল এলাকা থেকে গ্রেপ্তার করেন বলে জানান র‌্যাব কর্মকর্তা আল-মামুন।

তিনি বলেন, “সাগরকে পুলিশে দিয়ে রোববার রাত ২টার দিকে সাগরের সহযোগীদের গ্রেপ্তারে অভিযানে যায় র‌্যাব। এ সময় র‌্যাবকে লক্ষ করে গুলি ছোড়া হয়। র‌্যাব পাল্টা গুলি ছুড়লে জুয়েল গুলিবিদ্ধ হন। তাকে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।”

র‌্যাব সদস্যরা ঘটনাস্থল থেকে একটি পিস্তল ও পাঁচটি গুলি উদ্ধার করেছে বলে তিনি জানান।