চাঁদপুরে শ্বাসকষ্ট নিয়ে নারীর মৃত্যু
চাঁদপুরে করোনাভাইরাসের উপসর্গ নিয়ে এক নারীর মৃত্যু হয়েছে।
শুক্রবার রাত সাড়ে ৯টায় আড়াইশ শয্যাবিশিষ্ট চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ওই নারীর মৃত্যু হয়।
চাঁদপুর সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. সুজাউদ্দৌলা রুবেল জানান, ৪০ বছর বয়সী ওই নারী চাঁদপুর শহরের মাদ্রাসা রোড এলাকার বাসিন্দা ছিলেন।
“শুক্রবার রাত ৮টায় জ্বর, কাশি ও শ্বাসকষ্ট নিয়ে হাসপাতালে আসেন। তখন তাকে আইসোলেশনে ভর্তি করা হয়।
“চিকিৎসাধীন অবস্থায় হাসপাতালে তার মৃত্যু হয়।”
ডা. রুবেল জানান, ওই নারীর নমুনা সংগ্রহ করা হয়েছে। পরীক্ষা শেষে তিনি করোনাভাইরাস আক্রান্ত ছিলেন কিনা নিশ্চিত হওয়া যাবে।
তাকে যথাযথ নিয়মে দাফন করা হবে। তার পরিবারের লোকজনদের হোম কোয়ারেন্টিনে থাকাসহ প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়েছে বলেও জানান তিনি।
