নারায়ণগঞ্জ থেকে এসে জ্বর-শ্বাসকষ্টে মৃত্যু গাজীপুরে
নারায়ণগঞ্জ থেকে গাজীপুরের কালিয়াকৈর উপজেলায় আসা এক ব্যক্তি জ্বর, কাশি ও শ্বাসকষ্টে মারা গেছেন।
শুক্রবার ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে তার মৃত্যু হয় বলে কালিয়াকৈর উপজেলা নির্বাহী কর্মকর্তা কাজী হাফিজুল আমীন জানান।
১৭/১৮ দিন আগে ওই ব্যক্তিটি সপরিবারে নারায়ণগঞ্জ থেকে গাজীপুরের কালিয়াকৈরে এসে একটি ভাড়া ভবনে ওঠেন। করোনাভাইরাসের লক্ষণ নিয়ে এক ব্যক্তি মারা যাওয়ায় শুক্রবার দুপুরে ভবনটি অবরুদ্ধ করেছে উপজেলা প্রশাসন।
কালিয়াকৈর উপজেলা নির্বাহী কর্মকর্তা কাজী হাফিজুল আমীন জানান, অফিস ও মিলকারখানা বন্ধ হয়ে যাওয়ায় প্রায় ১৭/১৮ দিন আগে নারায়ণগঞ্জ থেকে পরিবার নিয়ে গাজীপুরে আসেন এই ব্যক্তি। নারায়ণগঞ্জে চাকরি করতেন তিনি। তার গ্রামের বাড়ি বরিশালে। তিনি কালিয়াকৈর উপজেলার সফিপুরে একটি পাঁচতলা ভবনে বাসা ভাড়া নিয়ে ওঠেন।
“কয়েকদিন ধরে ওই ব্যক্তি জ্বর, সর্দি, কাশি ও শ্বাসকষ্টে ভুগছিলেন। বিষয়টি অন্যদেরকে না জানিয়ে গোপন রাখে পরিবারটি।”
ইউএনও হাপিজুল বলেন, বৃহস্পতিবার রাত সাড়ে ৮টার দিকে তিনি গুরুতর অসুস্থ পড়লে স্বজনরা প্রথমে স্থানীয় সফিপুর জেনারেল হাসপাতালে ও পরে শহীদ তাজউদ্দীন মেডেকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। কিন্তু অবস্থা গুরুতর হওয়ায় পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার সকালে তার মৃত্যু হয়।
“করোনাভাইরাস সংক্রমণের লক্ষণ নিয়ে ওই ব্যক্তির মৃত্যু হওয়ার সংবাদ পেয়ে উপজেলা প্রশাসন ওই বাড়িটি অবরুদ্ধ ঘোষণা করেছে।”
তিনি জানান, প্রশাসনের লোকজন ওখানে গিয়ে পরিবারের কাউকে পায়নি। তারা বাসায় ফিরে এলে তাদের নমুনা সংগ্রহ করা হবে। তবে নিহতের পরিবারটি ওই বাড়ির অন্যদের সংস্পর্শে যাননি বলে স্থানীয়রা জানিয়েছেন।
